Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শতাব্দী প্রাচীন শিলিগুড়ি টাউন স্টেশনের সংস্কারে অর্থ বরাদ্দ রেলের, খুশি শহরবাসী

শিলিগুড়ি টাউন স্টেশনের সংস্কারে অর্থ বরাদ্দ করেছে রেল। ঐতিহাসিক ভবনটি পুনরুদ্ধারে খুশি স্থানীয়রা। বিস্তারিত পড়ুন।

শতাব্দী প্রাচীন শিলিগুড়ি টাউন স্টেশনের সংস্কারে অর্থ বরাদ্দ রেলের, খুশি শহরবাসী
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: অবশেষে বিশ্বকবি, নেতাজি, মহাত্মার স্মৃতিবিজড়িত শতাব্দী প্রাচীন শিলিগুড়ি টাউন স্টেশন সংস্কারের উদ্যোগ নিল রেল। এনজেপি থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত ডবল লাইনের প্রস্তাব অনুমোদনের পর স্টেশনটির গুরুত্ব আরও বেড়েছে। সেই কারণেই হেরিটেজ ভবনকে আগের রূপে ফিরিয়ে এনে সংরক্ষণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম বীরেন্দ্রকুমার নাড়া।

Advertisement

দীর্ঘদিনের অবহেলায় স্টেশনের ঐতিহাসিক ভবনটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্টেশন চত্বরে ভবঘুরেদের আড্ডা, মাদকাসক্তদের আনাগোনা এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের কারণে হারিয়ে যেতে বসেছে বহু মূল্যবান ঐতিহ্য। অতীতে বিভিন্ন সংগঠন স্টেশনটি সংরক্ষণ করে সংগ্রহশালা তৈরির দাবি তুললেও তা বাস্তবায়িত হয়নি।
বৃহস্পতিবার স্টেশন পরিদর্শনে এসে ডিআরএম বলেন, ভবনের অবস্থা অত্যন্ত খারাপ। ছাদের উপর জঙ্গল গজিয়েছে। বিভিন্ন অংশ ভেঙে পড়ছে। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ভবনটিকে তার পুরনো রূপে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। হেরিটেজ বিল্ডিং। কাজেই তার নিজস্বতা বজায় রেখেই কাজ করতে হবে। পাশাপাশি এখানে একটি সংগ্রহশালা গড়ে তুলে স্টেশনের সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। আগামী এক বছরের মধ্যে সংস্কারের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
১৮৮১ সালে কলকাতার সঙ্গে দার্জিলিংয়ের রেল যোগাযোগ শুরু হওয়ার পর থেকেই শিলিগুড়ি টাউন স্টেশন উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসাবে পরিচিতি পায়। এই স্টেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্মৃতি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, মার্ক টোয়েন, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, চিত্তরঞ্জন দাশ, সুভাষচন্দ্র বসু, বাঘাযতীন এবং মহাত্মা গান্ধী সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই স্টেশন ব্যবহার করেছেন।
বহু বরেণ্য ব্যক্তির পদধূলিতে ধন্য এই ঐতিহাসিক স্টেশন। দীর্ঘদিনের অবহেলায় অনেক কিছুই হারিয়ে গিয়েছে। তবু শেষ পর্যন্ত তার হারানো গৌরব ফিরিয়ে আনার উদ্যোগে খুশি রেলপ্রেমী ও ইতিহাস অনুরাগীরা। স্থানীয়দের আশা, ঐতিহাসিক টাউন স্টেশন আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিভিন্ন ট্রেনের স্টপ পাবে। বদলে যাবে এই অঞ্চলের চেহারা। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ