Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সালারে রেলের তৈরি রাস্তা মরণফাঁদ, ফুঁসছেন স্থানীয়রা

চারবছর ধরে বেহাল রেলের তৈরি পিচ রাস্তা। খানা-খন্দে ভরে গিয়েছে। বৃষ্টিতে গর্তে জল জমে আরও বিপদ বাড়িয়েছে। প্রতিদিন ছোটখাট দুর্ঘটনা ঘটছে।

সালারে রেলের তৈরি রাস্তা মরণফাঁদ, ফুঁসছেন স্থানীয়রা
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: চারবছর ধরে বেহাল রেলের তৈরি পিচ রাস্তা। খানা-খন্দে ভরে গিয়েছে। বৃষ্টিতে গর্তে জল জমে আরও বিপদ বাড়িয়েছে। প্রতিদিন ছোটখাট দুর্ঘটনা ঘটছে। এমনই বেহাল পরিস্থিতি পূর্ব রেলের কাটোয়া-আজিমগঞ্জ শাখার সালারের এক নম্বর লেভেল ক্রসিং থেকে দু’নম্বর ক্রসিংয়ের রাস্তার।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর আগে ওই দু’টি লেভেল ক্রসিংয়ের মধ্যে একটি বন্ধ করতে চেয়েছিল রেল। অথচ কান্দি-কাটোয়া রাজ্য সড়ক ওই দুই লেভেল ক্রসিংয়ের মাঝ বরাবর চলে গিয়েছে। তাই রেলমন্ত্রকের পক্ষ থেকে ওই সময় দুই লেভেল ক্রসিংয়ের পাশ দিয়ে এই পিচ রাস্তার নির্মাণ হয়, যাতে  রাজ্য সড়কে যাতায়াতকারী যানবাহনগুলিকে কোনও লেভেল ক্রসিং পেরতে না হয়। যদিও পরবর্তীতে আন্দোলনের কারণে রেল মন্ত্রক দু’টি লেভেল ক্রসিংই চালু রেখেছে।
বাসিন্দাদের অভিযোগ, এবড়ো-খেবড়ো রাস্তায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়ছে বড় গাড়ি থেকে শুরু করে বাইক, টোটো। বহুবার রেলকে জানানো হলেও কোনও কাজ হয়নি। সালার ব্যবসায়ী সমিতির সম্পাদক চন্দন কাজি বলেন,  রাস্তার ব্যাপারে রেলে কয়েকবার ডেপুটেশন দেওয়া হয়েছে। ডিআরএমকে চিঠিও করা হয়েছে। এমনকী, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের মাধ্যমে রেলমন্ত্রীকেও জানানো হয়। কিন্তু, রেলমন্ত্রকের কোনও হেলদোল নেই। 
কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান রাস্তার সংস্কার নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সালার রেল স্টেশনের এক আধিকারিক বলেন, রাস্তার বেহাল দশার বিষয়টি জেনেছি। গতবছর তা কিছুটা ঠিক করা হয়েছিল। বর্ষা নামতেই আবারও একই অবস্থা হয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ