নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রসায়ন নিয়ে গবেষণা করতে সুদূর ইতালিতে পাড়ি জমিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গবেষক অঙ্কনা কর্মকার (২৯)। রসায়ন নিয়ে তাঁর বরাবরই নজরকাড়া ফলাফল। শুরু থেকেই লক্ষ্য ছিল রসায়ন নিয়ে গবেষণা করার। সেই লক্ষ্যেই এবার ইতালির ইউনিভার্সিটি অব বারি কেমিস্ট্রি বিভাগে মেটিরিয়াল কেমিস্ট্রি অর্গানিক সিন্থেসিস বিভাগে ‘পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো’ হিসেবে যোগ দিয়েছেন অঙ্কনা। যা নিয়ে আপ্লুত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কালিয়াগঞ্জের বাসিন্দা অঙ্কনা বহরমপুরে একটি কলেজে স্নাতক করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে ভর্তি হন। ২০১৮ সালে স্নাতকোত্তর স্তরে স্বর্ণপদক পান। ২০২৪ সালে বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি সম্পূর্ণ করেন। এরপরই ইতালির ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি পরবর্তী গবেষণার জন্য সুযোগ পান।
এ প্রসঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক অমিতাভ মণ্ডলের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে পিএইচডি সম্পূর্ণ করা গবেষক অঙ্কনা ২ এপ্রিল ইতালির ইউনিভার্সিটি অব বারি পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে যোগ দিয়েছেন। তাঁর সংযোজন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মতো নতুন একটি বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্রী তাঁর অধ্যবসায়ের জন্য বিশ্বের একটি অন্যতম বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন। এতে আমরা গর্ব অনুভব করছি। ও বরাবর গবেষণায় ভালো ফল করেছে। মাস্টার ডিগ্রিতে গোল্ড মেডেলিস্ট। পিএইচডিতে খুব ভালো পাবলিকেশন করেছে। একটি ভারতীয় পেটেন্টও রয়েছে তার ঝুলিতে। তারপরেও অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে তার ইউরোপে পাড়ি দেওয়া।
অধ্যাপকের সঙ্গে অঙ্কনা। - নিজস্ব চিত্র