নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রেজিস্ট্রেশনবিহীন টোটোর বিরুদ্ধে ফের রাস্তায় নামল পুলিশ প্রশাসন। বুধবার শিলিগুড়ি জংশন থেকে শুরু করে শহরের একাধিক এলাকায় যৌথ অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও পরিবহণ দপ্তরের আধিকারিকেরা। ট্রাফিক পুলিশ জানিয়েছে, বিনা রেজিস্ট্রেশনে চলা টোটোর বিরুদ্ধে অভিযান লাগাতার চালানো হচ্ছে।
ইতিমধ্যে ১২০০-র বেশি টোটো আটক করা হয়েছে। কোনওভাবেই বিনা রেজিস্টেশনের টোটো রাস্তায় নামতে দেওয়া হবে না বলে আগেই জানিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকেরা। সেই মোতাবেক এই পদক্ষেপ বলেই জানিয়েছেন তাঁরা।
পুজোর আগেই পরিবহণ দপ্তরের নির্দেশে টোটোর রেজিস্ট্রেশন ও নির্দিষ্ট রুটে সেগুলি চলাচলের জন্য নির্দেশিকা এসেছিল। সেই নির্দেশ মেনে বৈঠক করে শিলিগুড়ি পুরসভা, পুলিশ ও পরিবহণ দপ্তর। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় সব টোটোকেই নির্দিষ্ট নিয়ম মেনে পরিবহণ দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী অনেকেই তাঁদের গাড়ির রেজিস্ট্রেশন করার কাজ করেন। তবে অনেকেই এই সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রেজিস্ট্রেশনের কাজ এড়িয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে।
অভিযোগ পেতেই নড়েচড়ে বসেন প্রশাসনের আধিকারিকেরা। এরপর থেকেই লাগাতার অভিযান শুরু হয়। প্রশাসনের দাবি, সরকারি নির্দেশ উপেক্ষা করে কাউকেই শহরের রাস্তায় টোটো চালাতে দেওয়া হবে না।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি (ট্রাফিক) কাজী সামসুদ্দিন আহমেদ বলেন, আমরা রেজিস্ট্রশনবিহীন টোটোগুলির বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছি। এই অভিযান চলবেই।