Bartaman Logo
৬ জুন, ২০২৬

বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ রাহুল? তেজস্বীর মন্তব্যে তুঙ্গে জল্পনা

লোকসভা ভোট এখনও ঢের দেরি। কয়েকমাস পরেই বিহারে মহারণ। ইতিমধ্যেই ভোটযুদ্ধের দামামা বেজে গিয়েছে। এবার পাটুলিপুত্রের মাটি থেকে ‘ডাবল ইঞ্জিন সরকার’কে হটাতে আদাজল খেয়ে ময়দানে নেমে পড়েছেন রাহুল গান্ধী।

বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ রাহুল? তেজস্বীর মন্তব্যে তুঙ্গে জল্পনা
  • ১৯ আগস্ট, ২০২৫ ১৭:০৮

পাটনা: লোকসভা ভোট এখনও ঢের দেরি। কয়েকমাস পরেই বিহারে মহারণ। ইতিমধ্যেই ভোটযুদ্ধের দামামা বেজে গিয়েছে। এবার পাটুলিপুত্রের মাটি থেকে ‘ডাবল ইঞ্জিন সরকার’কে হটাতে আদাজল খেয়ে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন রাহুল গান্ধী। চূড়ান্ত সক্রিয় তিনি। এক ছাতার তলায় এনেছেন রাজ্যের তামাম বিরোধী দলগুলিকে। অনেকের মতে, বিহারের ভোট রাহুলের কাছেও লিটমাস টেস্ট। বিহার ভোটের ফলাফল কী হবে, তা সময়ই বলবে। কিন্তু এখন থেকে তাঁকে আগামী লোকসভা ভোটে প্রধানমন্ত্রী পদে মুখ হিসেবে তুলে ধরার দাবি উঠছে বিরোধী ইন্ডিয়া জোটের অন্দরে। আর তাতে নয়া মাত্রা যোগ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। মঙ্গলবার তিনি জানান, আগামী ভোটে রাহুলকে প্রধানমন্ত্রী করতে বিরোধী দলগুলিকে একজোট হয়ে ময়দানে নামা উচিত।

Advertisement

এদিন নওদায় ‘ভোটার অধিকার’ সমাবেশে লালু-পুত্র বলেন, ‘পরের বার আমরা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করব।’ জাতীয় রাজনীতিতে তেজস্বীর এহেন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
এদিনের সভামঞ্চ থেকে আরও একবার নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করেন ইন্ডিয়া জোটের নেতারা। ‘রাজ্যের মানুষকে বোকা বানাতে’ বিজেপি এবং কমিশন গাঁটছড়া বেঁধেছে বলে অভিযোগ করেন তেজস্বী। বলেন, ‘সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় বিজেপি... আমরা বিহারী। আমাদের কাছে ভোট হল খৈনির মতো। ডলে ফেলে দেবো।’

সম্পর্কিত সংবাদ