Bartaman Logo
১০ জুন, ২০২৬

হুমকি দিয়েছিলেন অরুণ জেটলি! রাহুল গান্ধীর দাবিতে তুমুল বিতর্ক

কৃষি আইনের বিরোধিতা করায় তাঁকে হুমকি দিয়েছিলেন প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলি! শনিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এমনই দাবি করেছেন।

হুমকি দিয়েছিলেন অরুণ জেটলি! রাহুল গান্ধীর দাবিতে তুমুল বিতর্ক
  • ৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কৃষি আইনের বিরোধিতা করায় তাঁকে হুমকি দিয়েছিলেন প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলি! শনিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এমনই দাবি করেছেন। আর তা ঘিরে তীব্র বিতর্ক দানা বেধেছে জাতীয় রাজনীতিতে। শুরু হয়েছে তরজা। রাহুলের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। সরব প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রীর ছেলে রোহন জেটলিও। তিনি মনে করিয়ে দিয়েছেন, কৃষি আইন মন্ত্রিসভায় পাশ হওয়ার প্রায় এক বছর আগেই জেটলির মৃত্যু হয়। একই তথ্য তুলে ধরে পদ্ম ব্রিগেডও রাহুলের  বক্তব্যকে ‘ভুয়ো’ বলে খারিজ করেছে। রাজনৈতিক স্বার্থে প্রয়াত নেতাদের নাম ব্যবহারের জন্য রাহুলের তীব্র সমালোচনায় মুখর বিজেপি। তাদের দাবি, কংগ্রেস নেতা মিথ্যাচারের করছেন। এদিন দিল্লিতে  জাতীয় লিগাল কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, ‘মনে পড়ছে আমি যখন কৃষি আইনের প্রতিবাদ করছিলাম, তখন অরুণ জেটলিজিকে আমাকে হুমকি দিতে পাঠানো হয়েছিল। তিনি বলেছিলেন, আপনি যদি সরকারের বিরুদ্ধে কৃষি আইনের প্রতিবাদে অনড় থাকেন,তাহলে আপনার বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে। আমি বলেছিলাম, কার সঙ্গে কথা বলছেন তা নিয়ে বোধহয় আপনার ধারণা নেই।’

Advertisement

এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান জেটলির ছেলে। তিনি মনে করিয়ে দেন, প্রাক্তন আইনমন্ত্রীর মৃত্যু হয় ২০১৯ সালের ২৪ অগাস্ট। কেন্দ্রীয় মন্ত্রিসভায় কৃষি বিল পেশ হয়েছিল ২০২০ সালে ৩ জুন। সংসদে তা পাশ হয় ওই বছরের সেপ্টেম্বর মাসে। একইসঙ্গে রাহুলকে বিঁধে রোহন বলেছেন, ‘আমার বাবা বিরোধী স্বরকে দমাতেন না। তিনি পারস্পরিক সহযোগিতার নীতিতে বিশ্বাসী। এমন কোনও পরিস্থিতি হলে তিনি আলোচনার মাধ্যমে সমাধান করতেন।’ রাহুলকে কটাক্ষ করেছেন বিজেপির আইটি সেলে প্রধান অমিত মালব্যও। তিনি রাহুলের বক্তব্যকে ‘ফেক নিউজ’ বলে অভিহিত করেছেন। অন্যান্য বিজেপি নেতারাও রাহুলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন। এরপরই ড্যামেজ কন্ট্রোলে নামে কংগ্রেস। হাত শিবিরে লোকসভার চিফ হুইপ মানিকম টেগোরের সাফাই, রাহুল আসলে জমি অধিগ্রহণ আইনের প্রসঙ্গে ওই কথা বলেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ