Bartaman Logo
১৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মোহন বাগানে রাহুল ভেকে

মোহন বাগান বেঙ্গালুরু এফসির ডিফেন্ডার রাহুল ভেকেকে এক বছরের চুক্তিতে সই করাল। দেশের সেরা ক্লাবে খেলার সুযোগ পেয়ে গর্বিত। বিস্তারিত পড়ুন।

মোহন বাগানে রাহুল ভেকে
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলবদলের বাজারে মোহন বাগানের ঘর গোছানো চলছেই। এবার বেঙ্গালুরু এফসি’র ডিফেন্ডার রাহুল ভেকেকে এক বছরের চুক্তিতে সই করাল সবুজ-মেরুন ব্রিগেড। ৫০ টি ম্যাচে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ভেকে। স্টপার ছাড়া উইং ব্যাকেও সাবলীল এই অভিজ্ঞ ডিফেন্ডার। এর আগে কলকাতায় লাল-হলুদ জার্সিতে খেলে গিয়েছেন ভেকে। ডার্বিতে গোলও ছিল তাঁর। মোহন বাগানে সইয়ের পর রাহুল ভেকের মন্তব্য, ‘এবার সবুজ জার্সি পরে ডার্বিতে জাল কাঁপাতে চাই। দেশের সেরা ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত।’ ভারতীয় স্কোয়াড গোছানোর পাশাপাশি এবার দ্রুত কোচ নিয়োগ সেরে ফেলতে চায় পালতোলা নৌকা ব্রিগেড। মুম্বইয়ের পিটার ক্র্যাটকির সঙ্গে জোরকদমে আলোচনা চলেছ। একদফা ইন্টারভিউও সারা। তালিকায় আরও দুই কোচের নাম রয়েছে। এর আগে এফসি গোয়ার স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজকে পেতে আগ্রহ দেখিয়েছিল ক্লাব। কিন্তু অভিজ্ঞ মানোলো কলকাতায় কোচিংয়ে তেমন আগ্রহী নন। আগামী ২০ জুন ফেডারেশনের বিশেষ সাধারণ সভা। আইএসএল ও অন্যান্য টুর্নামেন্ট আয়োজন সম্পর্কে স্পষ্ট ছবি পাওয়া যেতে পারে। শোনা যাচ্ছে, এরপরেই নতুন কোচের নাম ঘোষণা করবে মোহন বাগান।

Advertisement

চলতি মরশুমে বিদেশি নির্বাচনেও চমক দেখিয়েছে মোহন বাগান। আইএসএলের সেরা ফুটবলার মিগুয়েলকে ছিনিয়ে নেওয়ায় তোলপাড় ট্রান্সফার মার্কেট। এফসি গোয়ার উইং হাফ কাম স্ট্রাইকার ড্র্যাজিচও মোহন বাগানে খেলবেন। পাঞ্জাব এফসির’র নজরকাড়া জেলজোকোভিচের ঠিকানাও গঙ্গাপাড়ের ক্লাব। গতবারের স্কোয়াডের আলবার্তো ও ম্যাকলারেনকে রেখেই দল আরও শক্তিশালী করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ