পারথ: একটা সময় ছিল যখন ভারতীয় ক্রিকেটারদের জেটল্যাগ কাটাতেই কয়েকদিন চলে যেত। সময় বদলেছে। এবারের অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতির অবকাশও কম। বৃহস্পতিবার পারথে পৌঁছেই বিরাট কোহলি, রোহিত শর্মারা প্র্যাকটিসে নেমে পড়লেন। ডনের দেশে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে দুই মহাতারকার তাগিদ স্পষ্ট। দীর্ঘদিন তাঁরা আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় দেশের জার্সিতে মাঠে নামার সুযোগ কমেছে। কারণ, খুব বেশি ওয়ান ডে সিরিজও হয় না। ১৯ অক্টোবর পারথে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে মুখোমুখি হবে। গিল, বুমরাহরা ম্যাচের মধ্যেই ছিলেন। সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলেছেন। কিন্তু কোহলি, রোহিত সেখানেই পিছিয়ে পড়েছেন। তাই প্রথম একদিনের ম্যাচে নামার আগে পরিবেশ ও পিচের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই তাঁদের লক্ষ্য।
ক্যাঙারুর দেশে পা রাখতে ভোর হয়ে যায় ভারতীয় দলের। অবশ্য প্রথমে ঠিক ছিল, বুধবার রাতেই ক্রিকেটাররা পৌঁছে যাবেন পারথের হোটেলে। কিন্তু বিমানবিভ্রাটের কারণে পরিকল্পনা অনেকটাই বদলে যায়। আসলে দিল্লি থেকে ভারতীয় ক্রিকেটারদের সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল সকালের বিমানে। কিন্তু সেটা চার ঘণ্টা দেরিতে ছাড়ে। ফলে সিঙ্গাপুর থেকে পারথের বিমান মিস করেন গিলরা। পরের বিমান ছাড়ে বেশ রাতে। শেষ পর্যন্ত ভোরে পারথের হোটেলে চেক ইন করেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। সামান্য বিশ্রাম নিয়েই প্র্যাকটিসের তোড়জোড় শুরু।
নেটে কোহলি ছিলেন বেশ চনমনে। শট চয়নেও ধরা পড়েছে আত্মবিশ্বাসের ছাপ। ভক্তদের ডাকে সাড়া দিয়ে অটোগ্রাফও বিলিয়েছেন। নেটে কোহলির সঙ্গে দেখা গিয়েছে রোহিতকে। সঙ্গী হয়েছিলেন লোকেশ রাহুলও। এই সিরিজ রোহিত-কোহলির কেরিয়ারের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস দেখে মনে হয়েছে, প্রথম ম্যাচে দুই মহাতারকাকে রেখেই দল সাজানোর পরিকল্পনা রয়েছে কোচ গৌতম গম্ভীরের। অস্ট্রেলিয়ার মাটিতেই কি শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলতে চলেছেন কোহলি? সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট ঘিরে ধাঁধায় পড়েছেন ক্রিকেট অনুরাগীরা। বিরাট লিখেছেন, ‘যখন কেউ হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সে সত্যিকারের ব্যর্থ।’ দু’ঘণ্টা পর ফের একটা পোস্ট করেন তিনি, ‘ব্যর্থতা যা শেখাবে, তা জয় থেকেও পাওয়া যায় না।’ এই দু’টি পোস্টের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টায় ক্রিকেট দুনিয়া। কেউ কেউ বলছেন, হয়তো অবসরের আগাম ইঙ্গিত দিতে চেয়েছেন তিনি। আবার কারও মতে, ‘পরিস্থিতি যতই প্রতিকূল হোক, এত সহজে যে তিনি হাল ছাড়বেন, সেটাই বুঝিয়েছেন কোহলি।’