প্যারিস: ২৫ মে, ২০০৫ সাল। ফরাসি ওপেনের ক্লে-কোর্টে এক স্প্যানিশ তরুণকে দেখে স্তম্ভিত গ্যালারি। ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ডের ফুলঝুরিতে লাল সুরকিতে ঝড় তুলেছিলেন রাফায়েল নাদাল। এরপর দু’দশক কেটে গিয়েছে। সেদিনের অনামী তরুণই পরবর্তীতে রোলাঁ গারোর সম্রাট। ২০ বছর পর আরও এক ২৫ মে। রোদ ঝলমলে ফরাসি ওপেনে বিশেষভাবে সংবর্ধিত হলেন রাফায়েল নাদাল। ম্যারাথন টেনিস কেরিয়ারে ১৪ বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন ‘রাফা’। অবসরের পরেও টেনিস কিংবদন্তিকে ঘিরে আকাশছোঁয়া জনপ্রিয়তা। গত কয়েকদিন ধরেই ‘সেলিব্রেটিং দ্য কিং’ অনুষ্ঠান নিয়ে জোর চর্চা প্যারিসে। হটকেকের মতো উবে গিয়েছে টিকিট। জনগণের প্রত্যাশা পূরণে আলাদা করে জায়ান্ট স্ক্রিন বসাতে হয়েছে ফ্যান জোনে। রবিবার, ফরাসি ওপেনের উদ্বোধনের মূহূর্তের যাবতীয় আবেগ ব্লটিং পেপারের মতো শুষে নিয়েছেন নাদাল। অভিবাদন কুড়িয়ে তিনিও আবেগাপ্লুত।



