Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রাধা-রিচার ব্যাটে ঝড়, জয়ী আরসিবি

ডব্লুপিএলে জয়ের হ্যাটট্রিক রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর। শুক্রবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গুজরাত জায়ান্টসকে ৩২ রানে দাপটে হারাল স্মৃতি মান্ধানার দল।

রাধা-রিচার ব্যাটে ঝড়, জয়ী আরসিবি
  • ১৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ডব্লুপিএলে জয়ের হ্যাটট্রিক রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর। শুক্রবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গুজরাত জায়ান্টসকে ৩২ রানে দাপটে হারাল স্মৃতি মান্ধানার দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি তোলে ৭ উইকেটে ১৮২। সৌজন্যে ৪৭ বলে রাধা যাদবের ৬৬ রানের অনবদ্য ইনিংস, যা সাজানো ছিল ৬টি চার ও ৩টি ছক্কায়। এছাড়া রিচা ঘোষও ২৮ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। জবাবে গুজরাত জায়ান্টস ১৮.৫ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায়। বেঙ্গালুরুর শ্রেয়াঙ্কা পাতিল একাই ৫টি উইকেট নিয়েছেন। এই দাপুটে জয়ের সুবাদে টেবিলে শীর্ষে রয়েছে আরসিবি (৩ ম্যাচে ৬ পয়েন্ট)।

Advertisement

অথচ প্রথমে ব্যাট করতে নেমে এদিন পাওয়ার প্লে’র মধ্যেই চার উইকেট পড়ে গিয়েছিল আরসিবি’র। গ্রেস হ্যারিস (১৭), দয়ালান হেমলতা (৪), ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা (৫) ও গৌতমী নায়েক (৯) ফিরে যান ড্রেসিং-রুমে। স্কোরবোর্ডে ৫.৩ ওভারে ৪৩-৪, রীতিমতো ধুঁকছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখান থেকে রাধা যাদব ও রিচা ঘোষের ব্যাটে অবিশ্বাস্যভাবে লড়াইয়ে ফিরল আরসিবি। পঞ্চম উইকেটে দু’জনে ৬৬ বলে যোগ করলেন ১০৫ রান। শেষলগ্নে ঝড় তুললেন নাদিনে ডি’ক্লার্কও। ১২ বলে ২৬ করলেন তিনি। সেই সুবাদেই বড় রান ওঠে স্কোরবোর্ডে।

জবাবে ৬৩ রানের মধ্যেই ৪ উইকেট খোয়ায় গুজরাত। এরপর আর হার এড়াতে পারেনি তারা। এর জন্য কৃতিত্ব প্রাপ্য শ্রেয়াঙ্কা পাতিলের। ৩.৫ ওভার হাত ঘুরিয়ে ২৩ রানের বিনিময়ে একাই ৫ উইকেট নেন। তাতেই মেরুদন্ড ভেঙে যায় গুজরাতের। এছাড়া লরেন বেলও ৩টি উইকেট নিয়েছেন। গুজরাতের হয়ে সবচেয়ে বেশি ৩৯ রান করেছেন ভারতী ফুলমালি।

Advertisement
সম্পর্কিত সংবাদ