সংবাদদাতা, বারুইপুর: রাতে বাজি পোড়ানো হয়। সে আওয়াজ শুনে তবেই নাটমন্দির থেকে বেরন রাধা-কৃষ্ণ। ঢাক-ঢোল-কাঁসর-সানাই বাজে। রাধা-কৃষ্ণ সাজেন ফুলের মালায়। বসেন পালকিতে। পালকি কাঁধে বাহকরা যান রাসমাঠে। সেখানে সাজিয়ে রাখা থাকে রাসমঞ্চ। এবার শুরু হয় আরাধনা। বারুইপুরের রায়চৌধুরী পরিবারের ৩৫০ বছরের রাস উৎসব এভাবেই চলে আসছে। এখন পুজোর জন্য মাঠে বসেছে মেলা। এসেছে সার্কাস। একমাস ধরে তা চলবে। রাত্তিরে নাটমন্দির থেকে বের করা হয় রাধা-কৃষ্ণকে। এই সময়জুড়ে মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা থাকে না। সকলেই চান একবার অন্তত ঠাকুরকে দর্শন করতে। চক্ষু সার্থক করতে। এখন রাসমাঠ উৎসবের সাজে সেজে উঠেছে। তৈরি হয়েছে গিয়েছে সার্কাসের তাঁবু। এসেছে ডায়মন্ড সার্কাস। আজ উদ্বোধন হবে। জমিদার রাজবল্লভ রায়চৌধুরী জমিদারি পত্তন করেছিলেন। এই পরিবারের অমিয়কৃষ্ণ রায়চৌধুরী বলেন, ‘জমিদারি প্রথা চলে গেলেও ঐতিহ্য মেনে রাস উৎসব হয়ে চলেছে। প্রথম দিন শ্রীকৃষ্ণের রাজবেশ। দ্বিতীয় দিন নটবরবেশ। তৃতীয় দিন আবার রাজবেশ। তা পরিয়ে রাসমঞ্চে নিয়ে যাওয়া হয় তাঁকে। মঞ্চে দেবতা আসীন হওয়ার পর বাজি পোড়ানো হয়। পুজো হয়। মূল আকর্ষণ সার্কাস।’



