Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

চটপট টুকটাক

চাইনিজ ভেল ও মাশরুম সল্ট অ্যান্ড পেপর তৈরির সহজ প্রণালী। স্বাস্থ্যকর উপকরণ ও স্বাদের বৈচিত্র্য নিয়ে আসুন রান্নায়। বিস্তারিত পড়ুন।

চটপট  টুকটাক
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চাইনিজ ভেল

Advertisement

উপকরণ: নুডলস ৭৫ গ্রাম, তেল ২ চামচ, ঝিরিঝিরি করে কাটা বাঁধাকপির পাতা দেড় কাপ, ঝিরিঝিরি করে কাটা গাজর দেড় কাপ, পাতলা স্লাইস করে কাটা ক্যাপসিকাম দেড় কাপ, পেঁয়াজ শাক কুচি  কাপ, রেড চিলি স্যস বা গ্রিন চিলি স্যস ১ চামচ, নুন স্বাদমতো, লেবুর রস ১/২ চামচ।

প্রণালী: ফুটন্ত গরম জলে নুডলস ফেলে সেদ্ধ করে নিন। তারপর তার জল ঝরিয়ে নিয়ে তা ঠান্ডা জলে মিনিট খানেক রাখুন। এরপর ঠান্ডা জল থেকে তুলে তা একটা থালায় পেতে শুকিয়ে নিন। এরপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে নুডলসগুলো লাল করে ভেজে নিন। এরপর নুডলস তেল থেকে তুলে বাড়তি তেল ঝরিয়ে নিন। এবার বাকি সবজি ভেজে নিন। এরপর ঢিমে আঁচে তাতে রেড বা গ্রিন চিলি স্যস মিশিয়ে সবটা একসঙ্গে নেড়ে নিন। আঁচ থেকে সবজিগুলো নামিয়ে নিন। তারপর একটা মিক্সিং বোলে ভেজে রাখা নুডলস নিয়ে তা একটু ভেঙে নিন। তার সঙ্গে স্যসে নেড়ে রাখা সবজি মেশান। পরিমাণ মতো নুন মিশিয়ে সবটা একসঙ্গে নেড়ে নিন। লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন চাইনিজ ভেল।

মাশরুম সল্ট অ্যান্ড পেপর

উপকরণ: চার টুকরো করে কাটা বাটন মাশরুম ১০-১২টা, ময়দা ১/২ কাপ, কর্নফ্লাওয়ার ১/২কাপ, নুন স্বাদমতো, গোলমরিচ গুঁড়ো ১/২ চামচ, ১টা বড়ো পেঁয়াজ কুচিয়ে কাটা, রশুন কুচি ৩-৪ কোয়া, চেরা কাঁচা লংকা ২টো, পেঁয়াজ শাক সামান্য, লাইট সয়া স্যস ১ চামচ, তেল ভাজার জন্য, জল পরিমাণ মতো।

প্রণালী: একটা বড়ো বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন ও গোলমরিচ গুঁড়ো নিয়ে মিশিয়ে নিন। তারপর তার সঙ্গে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিন। সেই ব্যাটারে মাশরুমগুলো ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইতে তেল গরম করে নিন। তারপর ম্যারিনেট করা মাশরুমগুলো ভেজে তুলে নিন। বাড়তি তেল ঝরিয়ে রেখে দিন। এবার অন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিন। তাতে রশুন কুচি দিয়ে ভাজুন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। তার মধ্যে চেরা কাঁচা লংকা দিয়ে দিন। লাইট সয়া স্যস মিশিয়ে নিন। নুন ও অন্যান্য মশলা দিয়ে নেড়ে নিন। সবশেষে পেঁয়াজশাক দিয়ে নেড়ে নিন। এবার এর মধ্যে ভেজে রাখা মাশরুম দিয়ে দিন। আঁচ বাড়িয়ে খানিকক্ষণ রান্না করে নামিয়ে নিন।

পালক পাতা চাট

উপকরণ: পালং শাক ১০-১২টা পাতা, বেসন ৩ চামচ, বেকিং সোডা ১ চামচ, হলুদ গুঁড়ো সামান্য, নুন স্বাদ মতো, জল ২-৩ চামচ, তেল ভাজার জন্য পরিমাণ মতো, সাজানোর জন্য: ফেটানো টক দই ৩ টেবিল চামচ, পুদিনার চাটনি ১ চামচ, তেঁতুলের চাটনি ১ চামচ, ব্লুবেরি স্যস  চামচ, ঝিরিঝিরি করে কাটা শসা ২ চামচ, মিহি করে কুচানো টম্যাটো ২ চামচ, বেদানা ১ চামচ, ধনেপাতা কুচি ১ মুঠো, চাটমশলা অল্প, বিটনুন স্বাদমতো।

প্রণালী: একটা মিক্সিং বোলে বেসন, বেকিং সোডা, হলুদ, নুন একসঙ্গে নিয়ে জল দিয়ে তা মেখে নিন। ঘন ব্যাটার তৈরি করে নিন। ইতিমধ্যে পালং শাকের পাতা ধুয়ে শুকনো করে নিন। এরপর কড়াইতে তেল গরম করে নিন। পালং শাকের পাতা বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিন। বাড়তি তেল ঝরিয়ে রাখুন। এবার টপিং তৈরি করার জন্য একটা বাটিতে দই ফেটিয়ে নিন। তার সঙ্গে টপিংয়ে বাকি সব উপকরণ একে একে মেশান। এবার একটা প্লেটে ভাজা পালং পাতা সাজিয়ে তার উপর দইয়ের টপিং ঢেলে দিন। উপর থেকে ধনেপাতা কুচি, চাট মশলা ও বিটনুন ছড়িয়ে পরিবেশন করুন।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ