নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মালদহ থেকে শুরু করে ভাঙড়। পর পর রাজনৈতিক খুনের ঘটনায় আঙুল উঠতে শুরু করেছে পুলিসের কাজকর্ম নিয়ে। মঙ্গলবার জেলাশাসক ও পুলিস সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে এই নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ‘এত খুন হচ্ছে কী করে? থানা কী করছে? দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করলাম না, সেটা যেন না হয়। মনে রাখতে হবে এটা করলে চলবে না।’ তবে শুধু থানার কাজকর্ম নিয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি এসপি-সিপিদেরও আরও সজাগ হওয়ার নির্দেশ দেন তিনি। জেলার পুলিস কর্তাদের থেকেও তিনি জানতে চেয়েছেন, ‘এই খুন গুলি কেন হচ্ছে?’ সেই সঙ্গে এসপি-সিপিদের তিনি কোন থানা কেমন কাজ করছে সেই দিকে বেশি করে নজর রাখতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে।



