Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি হাসপাতালের মান উন্নত হয়েছে, মানছেন বিজেপি সাংসদও, উত্তরের জন্য নতুন ট্রেনের দরবার ডাঃ জয়ন্ত রায়ের

জলপাইগুড়ি মেডিকেলের চিকিৎসা পরিষেবায় খুশি বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায়। সম্প্রতি রাস্তায় পা পিছলে পড়ে গিয়ে কোমরে মারাত্মক চোট পান সাংসদ।

সরকারি হাসপাতালের মান উন্নত হয়েছে, মানছেন বিজেপি সাংসদও, উত্তরের জন্য নতুন ট্রেনের দরবার ডাঃ জয়ন্ত রায়ের
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ব্রতীন দাস, জলপাইগুড়ি: জলপাইগুড়ি মেডিকেলের চিকিৎসা পরিষেবায় খুশি বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায়। সম্প্রতি রাস্তায় পা পিছলে পড়ে গিয়ে কোমরে মারাত্মক চোট পান সাংসদ। ভর্তি হন জলপাইগুড়ি মেডিকেলের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে। এখনও কোমরে বেল্ট পরা থাকলেও হাসপাতাল থেকে ছুটি পেয়ে কাজে ফিরেছেন জয়ন্তবাবু। সোমবার ময়নাগুড়ির জল্পেশ শিবমন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখানেই প্রশ্নের উত্তরে জলপাইগুড়ি মেডিকেলের প্রশংসা করেন বিজেপি সাংসদ। বলেন, জলপাইগুড়ি মেডিকেলে এখন অনেক ভালো চিকিৎসক এসেছেন। যাঁদের ব্যক্তিগতভাবে আমি চিনি কিংবা নাম জানি। ফলে ভালো চিকিৎসা হচ্ছে। 

Advertisement

রাজ্যে সরকারি হাসপাতালের যে মান উন্নত হয়েছে, তা স্বীকার করে বিজেপি সাংসদ বলেন, আগে জলপাইগুড়ি সদর হাসপাতাল নিয়ে অনেক অভিযোগ জমা পড়ত। এখন সেই অভিযোগ কমে গিয়েছে। এমনকী রেফারও কমেছে। যদিও তাঁর দাবি, মেডিকেল হিসেবে ঠিক যতটা চিকিৎসা পরিষেবা পাওয়া উচিত, তা এখনও জলপাইগুড়ি মেডিকেল থেকে মিলছে না। পূর্ণাঙ্গ পরিকাঠামো তৈরি হতে হয়তো আরও কিছুটা সময় লাগবে।
সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে বিজেপি সাংসদ সন্তোষপ্রকাশ করায় খুশি জলপাইগুড়ি মেডিকেল কর্তৃপক্ষ। এনিয়ে মেডিকেলের সুপার ডাঃ কল্যাণ খাঁ বলেন, সাংসদ আমাদের হাসপাতালের চিকিৎসা পরিষেবায় খুশি হয়েছেন শুনে ভালো লাগছে। আমরা এই পরিষেবার মান আরও উন্নত করার চেষ্টা করব। রাজ্য সরকার এ ব্যাপারে বদ্ধপরিকর। তাঁর দাবি, জলপাইগুড়ি মেডিকেলে যাতে নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, নেফ্রোলজি ও কার্ডিওলজি বিভাগের আউটডোর চালু করা যায়, সেব্যাপারে স্বাস্থ্যভবনে প্রস্তাব পাঠানো হয়েছে। পাঁচটি নতুন ডায়ালিসিস মেশিন এসেছে। বুধবার থেকেই সেগুলি চালু হয়ে যাবে।
এদিকে, সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের জন্য নতুন ট্রেনের দরবার করেছেন জলপাইগুড়ির সাংসদ। তিনি বলেন, এনজেপিকে রেলের নতুন বিভাগ হিসেবে ঘোষণা করা, জলপাইগুড়ি রোড স্টেশন থেকে হামসফর এবং এনজেপি থেকে পাহাড়িয়া এক্সপ্রেসের নিয়মিত যাত্রা সহ আরও কিছু দাবি জানানো হয়েছে। উত্তরবঙ্গবাসী কি নতুন ট্রেন পেতে চলেছে? জবাবে এদিন জলপাইগুড়ির বিজেপি সাংসদের ইঙ্গিত, অপেক্ষা করুন। সুখবর পাবেন। সাংসদ বলেন, শুধু বিলাসবহুল ট্রেন হলেই চলবে না। সাধারণ মানুষের কথাও ভাবতে হবে। উত্তরবঙ্গ থেকে প্রচুর সাধারণ মানুষ চেন্নাই, মুম্বইয়ে চিকিৎসার কারণে যান। তাঁরা যাতে সাধ্যের মধ্যে ট্রেনে যাতায়াত করতে পারেন, তা নিয়েও রেলমন্ত্রীকে বলেছি। • জল্পেশ মন্দিরে বিপ্লব দেব ও ডাঃ জয়ন্ত রায়। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ