আউটডোর টিকিটের জন্য কিউআর কোড চালু হতেই বিঘ্ন, রোগীর লাইন
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর মহকুমা হাসপাতালে রোগীর চাপ অত্যধিক। আউটডোরের টিকিটের জন্য সকাল থেকেই লম্বা লাইন পড়ে যায়। এই সমস্যা এড়াতে হাসপাতালে চালু করা হয় কিউআর কোড স্ক্যান পরিষেবা। মোবাইলে সেটি কোড স্ক্যান করলেই মিলে যাবে টিকিট। কিন্তু এই পরিষেবা চালু হতে না হতেই বিপত্তি। সার্ভারে সমস্যা। অগত্যা সেই লাইন দিয়েই টিকিট নিতে হচ্ছে রোগীদের। এই প্রসঙ্গে হাসপাতালের সুপার ডাঃ সুপর্ণকান্তি হালদার বলেন, আশা করছি, এই সমস্যা দ্রুত মিটে যাবে।

Advertisement

বারুইপুর মহকুমা হাসপাতালের উপর নির্ভরশীল সুন্দরবনের কুলতলি, মৈপীঠ থেকে শুরু করে জয়নগর, বারুইপুর, মগরাহাট, বিষ্ণুপুর এলাকার মানুষজন। প্রতিদিন সকাল ৯টায় আউটডোর শুরু হয়। আগে মহকুমা হাসপাতাল থেকে আউটডোরের টিকিট ইস্যু করা হত না। এই হাসপাতালে ডাক্তার দেখাতে হলে রোগীদের বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে আউটডোরের টিকিট নিতে হত। বর্তমান সুপার ডাঃ সুপর্ণকান্তি হালদার উদ্যোগ নেওয়ায় এই হয়রানি এখন অনেকটাই কমেছে। এখন বারুইপুর মহকুমা হাসপাতালে আউটডোর টিকিট হয়। ওই টিকিট ঘরের পাশেই দেওয়ালে রয়েছে কিউআর কোড। কাউন্টারের ভিড় এড়াতে সেই কোড স্ক্যান করলে টিকিট হয়ে যাওয়ার কথা। কিন্তু কয়েকদিন ধরেই ওই সার্ভার বসে গিয়েছে বলে অভিযোগ। কুলতলি থেকে চিকিৎসা করাতে এসেছেন প্রশান্ত হালদার। তিনি বলেন, কিউআর কোড স্ক্যান খুব ভালো উদ্যোগ। কিন্তু তা দিয়ে টিকিট কাটা যাচ্ছে না। সব সময় কম্পিউটারের সার্ভার ডাউন থাকছে বলে শুনছি। তাই কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়েই সেই টিকিট নিতে হচ্ছে। একই অভিযোগ জয়নগরের বাসিন্দা গৃহবধূ রমা ঘোষের। তিনি বলেন, নতুন পরিষেবা চালু হতে না হতেই সমস্যা দেখা দিয়েছে। দ্রুত সমাধান না হলে রোগীদের ফের লাইনের মুখাপেক্ষী হয়েই থাকতে হবে।