সংবাদদাতা, কাটোয়া: সেতুর উপর পিচ উঠে তৈরি হচ্ছে গর্ত। কোথাও ফুটপাতের স্ল্যাব সরে গিয়েছে। কোথাও আবার সেতুর উপরে রড বেরিয়ে গিয়েছে৷ ঝুঁকি নিয়েই চলছে গাড়ি। তাছাড়া সেতুর উপরের দু’ দিকের ফুটপাতজুড়ে বড় বড় ঘাস। কাটোয়ার কাশীরাম দাস সহ ১২টি সেতুর হাল হকিকত জানতে ময়দানে নামল পূর্তদপ্তর। কয়েকদিন ধরে ইঞ্জিনিয়াররা ঘুরে ঘুরে সেতুগুলির অবস্থা পরিদর্শন করছেন।
কাটোয়া পূর্তদপ্তরের (হাইওয়ে) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শঙ্কর চক্রবর্তী বলেন, কাশীরাম দাস সেতু দেখে এসেছি। সেতুর কাজ শীঘ্রই হবে। আর বাকি সেতুগুলিতেও নিয়মিত নজরদারি চালানো হয়৷ সেতুর স্বাস্থ্য এখন ভালো আছে।
পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, কাটোয়ায় পূর্তদপ্তরের (হাইওয়ে) অধীনে মোট ১২টি সেতু আছে। দাঁইহাট – মালডাঙ্গা মন্তেশ্বর রোডে ৫টি সেতু, অগ্রদ্বীপ থেকে দেয়াসীন যাওয়ার পথে ২টি সেতু, কাটোয়া থেকে কেতুগ্রাম যাওয়ার রাস্তায় কাশীরাম দাস সেতু, কৈচর থেকে সিঙ্গি যাওয়ার রাস্তায় ৩টি সেতু ও মঙ্গলকোটের কাশেমনগর থেকে নতুনহাট এবং মাজিগ্রাম থেকে শ্রীখণ্ড যাওয়ার পথে ১টি সেতু আছে। বেশির ভাগ সেতুতেই রং করা হয়েছে৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, সেতুগুলি সব পুরনো আমলের৷ কোথাও সেতুর উপরের রাস্তা বেহাল হয়ে আছে। আবার কোথাও সেতুর গার্ডওয়াল ঢালাই ছেড়ে গিয়েছে৷ কাটোয়ার কাশীরাম দাস সেতুর উপরের অংশ বেহাল। রাস্তায় গর্ত তৈরি হয়েছে। এখনই সেতু সংস্কার না করলে অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা গাড়ি চালকদের। সেতু দিয়ে গাড়ি যাতায়াত বেড়ে গিয়েছে। ভারী গাড়ি যাতায়াতের ফলে ক্রমশ সেতুর মধ্যে গর্তের ফাঁক বেড়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ষার মরশুমে গর্তগুলিতে জল জমছে৷ সেতু এখনই সংস্কার করতে হবে। তা না হলে ভবিষ্যতে বিপদ ঘটে যেতে পারে।
কাটোয়া ও কেতুগ্রামের সংযোগস্থলে বোলপুর-কাটোয়া রোডের উপর চরখি সংলগ্ন এলাকায় অজয়ের উপর ৩২৩ মিটার লম্বা কাশীরাম দাস সেতুটি ১৯৮০ সালে তৈরি হয়। কেতুগ্রামের কাশীরাম দাস সেতুর উপর দিয়ে মুর্শিদাবাদ, বীরভূমের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার সংযোগ স্থাপন হয়। তবে এই সেতুর উপর দিয়ে কেতুগ্রামের ফুঁটিসাকো হয়ে বাদশাহি রোডে যাওয়া সহজ। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কাশীরাম দাস সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আসে পূর্তদপ্তরের রাজ্য মোবাইল ব্রিজ ইন্সপেকশন টিম (বারাসত ডিভিশন)। তারা সেতু পরীক্ষার জন্য বিশেষ যন্ত্রের সাহায্যে সেতুর নিচ পর্যন্ত নেমে খুঁটিয়ে পরীক্ষা করেন। বিয়ারিংগুলিও পরীক্ষা করা হয়। এরপর কাশীরাম দাস সেতুর এক্সপানশান জয়েন্টগুলো মেরামত করে পূর্তদপ্তরের কাটোয়া ডিভিশনের হাইওয়ে বিভাগ। অন্যদিকে মঙ্গলকোটের লোচন দাস সেতু বেহাল। সেখানেও সেতুর উপরের রাস্তায় বড় গর্ত তৈরি হয়ে গিয়েছে। নিজস্ব চিত্র