Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লিগের ম্যাচে অনবদ্য গুইতে, ফ্রি-কিকে চোখ ধাঁধানো গোল পিভি বিষ্ণুর, ঘরের মাঠে দুরন্ত জয় ইস্ট বেঙ্গলের

দুপুর গড়াতেই লেসলি ক্লডিয়াস সরণিতে অগুনতি কালো মাথার ভিড়। দেদার বিকোচ্ছে লাল-হলুদ জার্সি, পতাকাও।

লিগের ম্যাচে অনবদ্য গুইতে, ফ্রি-কিকে চোখ ধাঁধানো গোল পিভি বিষ্ণুর, ঘরের মাঠে দুরন্ত জয় ইস্ট বেঙ্গলের
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: দুপুর গড়াতেই লেসলি ক্লডিয়াস সরণিতে অগুনতি কালো মাথার ভিড়। দেদার বিকোচ্ছে লাল-হলুদ জার্সি, পতাকাও। ঘোড়সওয়ার পুলিসের দাপাদাপি, ঘটিগরম আর লাল চায়ে চেনা ময়দানি ছবি। বৃহস্পতিবারই চলতি মরশুমে নিজেদের মাঠে প্রথম ম্যাচ খেলল ইস্ট বেঙ্গল। সংস্কারের পর মাঠ যেন সবুজ কার্পেট। আর তাতেই আগুন জ্বাললেন বিষ্ণু। দ্বিতীয়ার্ধে কেরালাইট ফুটবলারের ফ্রি-কিক গোল উস্কে দিল ডু ডংয়ের স্মৃতি। এছাড়াও স্কোরশিটে নাম তোলেন নাসিব ও গুইতে। ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারিয়ে সুপার সিক্সে দুরন্ত শুরু মশালবাহিনীর। রবিবার বিনোর দলের প্রতিপক্ষ ডায়মন্ডহারবার। বিশেষজ্ঞদের ধারণা, কিশোর ভারতী স্টেডিয়ামেই চ্যাম্পিয়নশিপের ভাগ্য নির্ধারিত হবে। 
কার্ড সমস্যায় শৌভিক ও দেবজিৎদের এদিন পাননি কোচ বিনো জর্জ। সিনিয়র দল থেকে বিষ্ণু ও ডেভিডকে প্রথম একাদশে রাখেন তিনি। তবে প্রথমার্ধে লাল-হলুদের পারফরম্যান্স নিয়ে তেমন কিছু লেখার নেই। বরং সিটার মিস করলেন ইউনাইটেডের সমীর বায়েন। বিরক্ত লাল-হলুদ গ্যালারিতে স্বস্তি ফিরল সংযোজিত সময়ে। বাঁ দিক থেকে কাট করে ঢুকে বক্সে বল ভাসান আমন। তাতেই ছোঁ মেরে হেড করে জাল কাঁপান নাসিব (১-০)।
বিরতির পর গুইতে মাঠে নামতেই আক্রমণের ঝাঁঝ বাড়ে মশাল বাহিনীর। মাঝমাঠে এদিন দাপিয়ে বেড়ালেন তিনি। বল হোল্ড করা থেকে পাসিং, সবেতেই নজর কাড়লেন গুইতে। ৪৮ মিনিটে বিষ্ণুকে ফাউল করায় ফ্রি-কিক পায় লাল-হলুদ। প্রায় ২২ গজ দূর থেকে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে জাল কাঁপান দক্ষিণী উইঙ্গার (২-০)। চলতি লিগের অন্যতম সেরা গোল এটি। এরপর খোদ গুইতের পালা। বক্সের মধ্যে বল নিয়ে ঢোকার চেষ্টা করলে ইউনাইটেডের দুই ডিফেন্ডার তাঁকে বাধা দেন। তাঁদের টপকে জোরালো শটে আপার নেট কাঁপিয়ে দেন গুইতে (৩-০)। এই পর্বে বেশ চনমনে ইস্ট বেঙ্গল। ততক্ষণে প্রতিপক্ষের সব জারিজুরি শেষ। রক্ষণে দায়িত্ব নিয়ে খেললেন প্রভাত লাকরাও। তবে ডেভিড বড়ই ম্রিয়মান। মাঝমাঠে ফিডারের অভাব চোখে পড়ছে। সামনেই ডায়মন্ডহারবার ম্যাচ। বিনো নিশ্চয়ই চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন।
ইস্ট বেঙ্গল: গৌরব, বিক্রম, প্রভাত, জোসেফ, চাকু, বিষ্ণু (এডমুন্ড), তন্ময় (সঞ্জয়), নাসিব, শ্যামল (মনোতোষ), আমন (জেসিন) ও ডেভিড (গুইতে)।

Advertisement

ইস্ট বেঙ্গল-৩         :     ইউনাইটেড কলকাতা-০
(নাসিব, বিষ্ণু ও গুইতে)

Advertisement
সম্পর্কিত সংবাদ