কুয়ালালামপুর: মালয়েশিয়া ওপেনে মহিলা সিঙ্গলসে কোয়ার্টার-ফাইনালের গণ্ডি টপকালেন পিভি সিন্ধু। ২০২১ সালে ইন্দোনেশিয়া ওপেনের পর আবার কোনও সুপার ১০০০ সিরিজের শেষ চারে পৌঁছলেন দু’বারের ওলিম্পিকস পদকজয়ী। যদিও কোয়ার্টার-ফাইনালে তিনি এক প্রকার ওয়াক ওভারই পেয়েছেন। জাপানের আকনে ইয়ামাগুচির বিরুদ্ধে প্রথম গেম ২১-১১ ব্যবধানে লিড নেন সিন্ধু। কিন্তু চোটের কারণে বাকি ম্যাচে আর খেলতে পারেননি ইয়ামাগুচি। ফলে ওয়াক ওভার পান ভারতীয় তারকা শাটলার। সেমি-ফাইনালে তাঁর প্রতিপক্ষ চিনের ওয়াং ঝিই।
গত মরশুমে চোটের কারণে বেশ কিছু প্রতিযোগিতায় খেলতে পারেননি সিন্ধু। এরপর চোট সারিয়ে ফিরে বাকি মরশুম খুব শুখের ছিল না তাঁর। অধিকাংশ টুর্নামেন্টে থেকে বিদায় নিতে হয়েছিল প্রথম রাউন্ড থেকেই। তবে চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে হায়দরাবাদি শাটলার। এদিন ম্যাচ জয়ের পর সিন্ধু বলেন, ‘এখন আমি একেবারে ফিট। চলতি আসরে এখনও সেরাটা মেলে ধরতে পেরেছি। এবার আসল লড়াই। ট্রফির খরা কাটাতে এই প্রতিযোগিতাকে পাখির চোখ করেছি। সাফল্যের বিষয়ে আমি আশাবাদী।’
দিনের অপর ম্যাচে ছেলেদের ডাবলসের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি। ইন্দোনেশিয়ার ফাজার-ফিকরি’র কাছে ১০-২১, ২১-২৩ ব্যবধানে হেরছেন ভারতীয় জুটি।