Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষির হাত ধরেই পুরুলিয়ার পিছিয়ে পড়ার তকমা ঘুচবে

বুধবার পুরুলিয়ার নিতুড়িয়ায় প্রশাসনিক সভা থেকে এমনটাই জানান রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

কৃষির হাত ধরেই পুরুলিয়ার পিছিয়ে পড়ার তকমা ঘুচবে
  • ২৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: কৃষির হাত ধরেই পুরুলিয়া জেলার পিছিয়ে পড়ার তকমা ঘুচবে। কৃষিক্ষেত্রে পুরুলিয়া জেলা প্রচুর কাজ করে চলেছে। বুধবার পুরুলিয়ার নিতুড়িয়ায় প্রশাসনিক সভা থেকে এমনটাই জানান রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন, বর্তমানে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। তারপরেও রাজ্য সরকার ‘মাটির সৃষ্টি’ প্রকল্পগুলিতে উন্নয়নের কাজ করে চলেছে। 

Advertisement

এদিন নিতুড়িয়ার পঞ্চায়েত সমিতির সভাগৃহে জেলার আধিকারিকদের নিয়ে সভা হয়। প্রশাসনিক সভায় মন্ত্রী ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, উপ-কৃষি অধিকর্তা (বিশ্ব ব্যাঙ্ক প্রকল্প) মহম্মদ আনিকুল ইসলাম, নিতুড়িয়া বিডিও প্রবীরকুমার সিনহা, পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব প্রমুখ উপস্থিত ছিলেন। জেলার কৃষিকাজ কেমন চলছে, তা খতিয়ে দেখতে রাজ্যের কৃষিমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় জেলায় আসেন। ওইদিন তিনি নিতুড়িয়ার একটি গেস্ট হাউসে রাত্রি যাপন করেন। এদিন সকালেই আধিকারিকদের সঙ্গে নিয়ে কৃষিকাজ খতিয়ে দেখতে রঘুনাথপুর মহকুমা এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মন্ত্রী দীঘা গ্রাম পঞ্চায়েতের ইনানপুর গ্রামে বিন্দু সেচ প্রকল্প, কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র, মালচিং পদ্ধতিতে সব্জি চাষ ঘুরে দেখেন। সেখান থেকে ভামুড়িয়ায় ফার্ম মেশিনারি ব্যাঙ্ক পরিদর্শন করেন। পরিশেষে রায়বাঁধ গ্রাম পঞ্চায়েতের হাসাপাথরের মাটির সৃষ্টি প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
প্রশাসনিক সভা থেকে কৃষি গবেষণা শাখার খরা সহনশীল জাতের ধান বীজ উদ্ভাবনের প্রশংসা করা হয়। কৃষক কল্যাণে কৃষি গবেষণা যাতে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই বিষয়ে জোর দিতে বলা হয়। চাষিরা যাতে উন্নত জাতের বীজ এবং সার সহজে ও সঠিক মূল্য পেতে পারেন, কৃষি আধিকারিকদের সেই বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দেন মন্ত্রী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী চাষিদের জন্য নানা প্রকল্প এনেছেন। ধান চাষিরা যাতে সঠিক মূল্য পান, তার জন্য সরকারিভাবে ধান কেনা হচ্ছে। বিভিন্ন জেলায় ফসল সংরক্ষণের জন্য কোল্ড স্টোর তৈরি করা হচ্ছে। চাষিদের জন্য ব্লকে ব্লকে কৃষক বাজার তৈরি করা হয়েছে। এছাড়া চাষিদের কৃষিকাজের সরঞ্জামও দেওয়া হচ্ছে। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে কৃষকদের অবস্থা অনেক ভালো। পুরুলিয়া কৃষিতে এগিয়ে চলেছে। চাষের কাজের জন্য প্রচুর পুকুর তৈরি করা হচ্ছে। আগামী দিন খরাপ্রবণ পুরুলিয়া কৃষিতে প্রচুর উন্নয়ন করবে।  বুধবার তোলা নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ