Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পর্যটন মরশুমের শুরুতেই চালু হতে চলেছে পুরুলিয়া-দীঘা সরকারি বাস

রুট বদল করে দীঘা-পুরুলিয়া সরকারি বাস পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্যটন মরশুমের শুরুতেই চালু হতে চলেছে পুরুলিয়া-দীঘা সরকারি বাস
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: রুট বদল করে দীঘা-পুরুলিয়া সরকারি বাস পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পুরুলিয়া ডিপোর আধিকারিকদের দাবি, অপ্রতুল যাত্রী সংখ্যার জেরে পুরনো রুটে বাস চালাতে গিয়ে ক্ষতির অঙ্ক ক্রমেই বেড়ে চলেছিল। তার জেরে পরিষেবা শুরুর দেড় মাস পরই পুরুলিয়া-দীঘা রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার রুট বদল করে ওই বাস পরিষেবা নতুনভাবে শুরু করা হবে। কর্তৃপক্ষের আশা, নতুন রুট যথেষ্টই লাভজনক হবে। 

Advertisement

এবিষয়ে ডিপো ইনচার্জ সুবীর দে বলেন, পুরনো রুটে দেড় মাস বাস চললেও মুনাফা হয়নি। উল্টে ক্ষতির মুখে পড়তে হয়েছে। তাই দেড় মাস পরই পুরুলিয়া-দীঘা রুটে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এবার ফের সেই বাস পরিষেবা চালু করা হচ্ছে। তবে রুট বদল করা হয়েছে। সময়ও বদলানো হয়েছে। খুব শীঘ্রই বাসটির পরিষেবা চালু হবে।
দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন হতেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন জেলা থেকে পৃথকভাবে বাস পরিষেবা চালু হয়। পুরুলিয়া জেলার সদর শহর থেকেও সরাসরি দীঘার সঙ্গে যোগাযোগ সুদৃঢ় করতে জুলাই মাসে ঘটা করে বাস পরিষেবা চালু করা হয়েছিল। নিয়ম করে সপ্তাহের প্রতিদিনই সকালে বাসটি পুরুলিয়া থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দিত। বরাবাজার, বান্দোয়ান, ঝাড়গ্রাম হয়ে প্রায় ৩২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাসটি দীঘায় পৌঁছত। কর্তৃপক্ষের দাবি, ওইরুটের অনেকটা পথ জঙ্গল এলাকার মধ্যে দিয়ে যাওয়ার ফলে শুরু থেকেই যাত্রী সংখ্যা অপ্রতুল ছিল। এই পরিস্থিতিতে ক্ষতির অঙ্ক পাল্লা দিয়ে বাড়তে শুরু করায় দেড় মাস অতিক্রান্ত হতে না হতেই পুরুলিয়া-দীঘা সরাসরি বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। 
কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, সদর শহর পুরুলিয়া থেকে লালপুর, মানবাজার, খাতড়া, মেদিনীপুর, খড়্গপুর, কাঁথি হয়ে দীঘা পৌঁছনোর ক্ষেত্রে নতুন বাস রুট নির্ধারণ করা হয়েছে। আসন্ন পর্যটন মরশুম শুরু হওয়ার আগেই নতুন রুটে বাস পরিষেবা চালু হয়ে যাবে। তবে প্রাথমিকভাবে কর্মী সংকটের বিষয়টি আধিকারিকদের ভাবিয়ে তুলছে। জানা গিয়েছে, পুরুলিয়া-দীঘা বাস পরিষেবা চালুর ক্ষেত্রে এই মুহূর্তে চালক ও কন্ডাক্টর প্রয়োজন। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। আধিকারিকদের আশা, দ্রুত কর্মী সংকট মিটিয়ে পুরুলিয়া-দীঘা বাস পরিষেবা চালুকরা সম্ভব হবে। এক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে চলতি মাস শেষ হওয়ার আগেই বাস পরিষেবা নতুন রূপে চালু করা সম্ভব হবে। সময় বদল করে বাসটি সকালের পরিবর্তে প্রতিদিন রাতে সদর শহর থেকে দীঘার উদ্দেশে রওনা হবে। নয়া এই রুটে অবশ্য যাত্রা খানিকটা দীর্ঘ হল। এক্ষেত্রে যাত্রীপিছু ২৭১টাকা ভাড়া নির্ধারণ হয়েছে। নয়া এই রুট বাস্তবে কতটা লাভজনক হবে, তা বাস চলার পরই বোঝা যাবে বলে আধিকারিকরা জানিয়েছেন।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ