অমৃতসর, ৩ জুন: পাক চর সন্দেহে জ্যোতি মালহোত্রা গ্রেপ্তার হয়েছে। তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে একে একে গ্রেপ্তার হচ্ছে পাক চর। কেউ সরকারি কর্মচারী, কেউ ব্যবসায়ী। ভারতে থেকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে এত সংখ্যক ব্যক্তি গ্রেপ্তার হওয়ায় চিন্তিত কেন্দ্রীয় সরকার। এর মাঝেই ফের এক ব্যক্তিকে পাক চর সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিস। পাঞ্জাব পুলিসের হাতে গ্রেপ্তার হয়েছেন গগনদীপ সিং নামের ওই পাক চর। তিনি গত কয়েক বছর ধরে ভারতীয় সেনাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাক গোয়েন্দা সংস্থা আইএসআইকে দিয়েছেন বলেন জানা গিয়েছে।
এমনকী সীমান্ত এলাকায় ভারতীয় সেনার গতিবিধি নিয়েও বেশ কিছু তথ্য পাকিস্তানে পাচার করেছেন ধৃত ব্যক্তি। পাঞ্জাব পুলিস জানিয়েছে, গগনদীপ, অপারেশন সিন্দুরের সময়েও গুরুত্বপূর্ণ তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন। তার সঙ্গে আইএসআইয়ের পাশাপাশি যোগাযোগ রয়েছে, খলিস্তানি জঙ্গি গোপাল সিং চাউলার সঙ্গেও। পুলিস আরও জানিয়েছে, সীমান্তে ভারতীয় সেনারা কী করেন, কোথায় থাকেন, সব তথ্য আকারে পাক গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন ধৃত ব্যক্তি। গগনদীপের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল পরীক্ষা করেই এইসব কথা জানতে পেরেছে পুলিস। ধৃতের সঙ্গে ২০ জন আইএসআই গোয়েন্দার যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে। পাঞ্জাব পুলিসের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, গগনদীপ সিংয়ের সঙ্গে খলিস্তানি জঙ্গি গোপাল সিং চাওলার যোগাযোগ ছিল। এই গোপাল বেশ কয়েক বছর ধরে পাকিস্তানে রয়েছে। গোপালের হাত ধরেই পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ হয়েছে গগনদীপের। পাকিস্তানের এজেন্টের মাধ্যমে টাকাও এসেছে গগনদীপের কাছে।’ ধৃতের কাছ থেকে আরও তথ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ করছে পুলিস।