Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চেন্নাইকে হারাল শ্রেয়সের পাঞ্জাব

আইপিএলে টানা দ্বিতীয় জয় পাঞ্জাব কিংসের। শুক্রবার চিপকে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে বশ মানাল শ্রেয়স-ব্রিগেড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে হলুদ জার্সিধারীদের সংগ্রহ ৫ উইকেটে ২০৯।

চেন্নাইকে হারাল শ্রেয়সের পাঞ্জাব
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: আইপিএলে টানা দ্বিতীয় জয় পাঞ্জাব কিংসের। শুক্রবার চিপকে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে বশ মানাল শ্রেয়স-ব্রিগেড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে হলুদ জার্সিধারীদের সংগ্রহ ৫ উইকেটে ২০৯। জবাবে ৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাঞ্জাব কিংস (২১০/৫)। সৌজন্যে অধিনায়ক শ্রেয়স আয়ারের দুরন্ত অর্ধশতরান। রান তাড়া করতে নেমে ২৯ বলে ৫০ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি।  মারেন ৪টি চার ও ৩টি ছক্কা। তবে জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন ওপেনার প্রিয়াংশ আর্য। ৩টি চার ও ৪টি ছক্কা সহ ১১ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের সেরাও এই তরুণ তুর্কি। 

Advertisement

২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাবের ওপেনিং জুটিতেই ওঠে ৬১ রান। প্রিয়াংশ ঝড়ের পাশাপাশি প্রভসিমরন সিং ৪৩ রানের ইনিংস খেলেন। এরপর কুপার কনোলি স্কোরবোর্ডে যোগ করেন মূল্যবান ৩৬। ক্যাপ্টেন শ্রেয়সও ধরা দিলেন স্বমহিমায়। ২৬ বলে অর্ধশতরান হাঁকিয়ে জয়ের পথ প্রশস্ত করেন তিনি। তবে ক্যাপ্টেন আউট হতেই চাপ বাড়ে। এই পর্বে আরও দু’টি উইকেট খোয়ায় পাঞ্জাব। তাতে অবশ্য দলের জয় আটকায়নি। দায়িত্ব নিয়ে পাঞ্জাবকে লক্ষ্যে পৌঁছে দিলেন শশাঙ্ক সিং। দু’টি বাউন্ডারি মেরে ৬ বলে তাঁর সংগ্রহ জয়সূচক অপরাজিত ১৪। শশাঙ্ককে সঙ্গত করেন অলরাউন্ডার স্টোইনিসও (৩ বলে অপরাজিত ৯)।
তার আগে আয়ূষ মাত্রের ব্যাটে ভর করে চেন্নাই দুশোর গণ্ডি টপকেছিল। শেষ পর্যন্ত যদিও ৬টি চার ও ৫টি ছক্কা সহ ৪৩ বলে তাঁর ৭৩ রানের ইনিংস বিফলে গেল। এছাড়া রান পেয়েছেন শিবম দুবে (অপরাজিত ৪৫) ও সরফরাজ খান (৩২)। সঞ্জু স্যামসন অবশ্য এদিনও ব্যর্থ। তাঁর ব্যাট থেকে ৭ রানের বেশি আসেনি। বলার অপেক্ষা রাখে না, টানা দ্বিতীয় হারে রীতিমতো চাপে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। মহেন্দ্র সিং ধোনির অভাব টের পাচ্ছে দল।

সম্পর্কিত সংবাদ