বেঙ্গালুরু: বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার-ফাইনালে মঙ্গলবার মধ্যপ্রদেশকে হারাল পাঞ্জাব। ১৮৩ রানে জিতে সেমি-ফাইনালের টিকিট আদায় করে তারা। ৮৮ রান করে ম্যাচের সেরা পাঞ্জাব অধিনায়ক প্রভসিমরন সিং। শেষ আটের অপর ম্যাচে জোর ধাক্কা খেল দিল্লি। বিদর্ভের কাছে ৭৮ রানে হেরে বিদায় নিল ইশান্ত শর্মা ব্রিগেড।
এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৫ রান তোলে পাঞ্জাব। ব্যা সফল দুই ওপেনার হারনুর সিং (৫১) ও প্রভসিমরন। বড় রান পান অনমোলপ্রীত সিং (৭০), নেহাল ওয়াধেরা (৫৬)। জবাবে ১৬২ রানেই শেষ মধ্যপ্রদেশ। সর্বাধিক ৩৮ রজত পাতিদারের। ক্যাপ্টেন বেঙ্কটেশ আয়ার (০) ব্যর্থ। পাঞ্জাবের সফলতম বোলার সনবীর সিং (৩-৩১)।
অন্য ম্যাচে, দিল্লির বিরুদ্ধে ৯ উইকেটে ৩০০ তোলে বিদর্ভ। যশ (৮৬), অথর্ব তাইদে (৬২), ধ্রুব শোরে (৪৯) টানলেন দলকে। ইশান্ত ও নবদীপ সাইনি দুটো করে উইকেট নেন। জবাবে দিল্লির হয়ে লড়লেন শুধু অনুজ (৬৬)। ৪৫.১ ওভারে ২২৪ রানে গুটিয়ে যায় ইশান্ত বাহিনী।