সংবাদদাতা, জঙ্গিপুর: মনস্কামনা পূরণের লক্ষ্যেই কোচবিহার থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে দণ্ডি টেনে দীর্ঘ পথ পাড়ি দেন এক যুবক। মঙ্গলবার সকালে তিনি সামসেরগঞ্জে প্রবেশ করেন। রাস্তার ধারে উৎসুক মানুষ ভিড় জমান। ওই যুবককে দেখতে বহু মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসেন। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। অনেকেই প্রণাম করে নেন আশীর্বাদ। সবমিলে যেন ভিন্ন এক দৃশ্যের সাক্ষী থাকল সামশেরগঞ্জ।
ওই যুবকের নাম বিভাস চক্রবর্তী। বিভাসের বাড়ি কোচবিহার জেলার পুণ্ডিবাড়িতে। বাড়িতে মা, দাদা ও স্ত্রী রয়েছেন। চার মাস ধরে তিনি জাতীয় সড়কের ধারে দণ্ডি টেনে এগিয়ে চলেছেন। লক্ষ্য একটাই নিজের মনস্কামনা পূরণ করতে পৌঁছাবেন দক্ষিণেশ্বর কালীমন্দিরে। যাত্রাপথের প্রতিটি পদক্ষেপেই রয়েছে দৃঢ়তা, ভক্তি ও প্রবল মানসিক শক্তি। কিন্তু চোখেমুখে নেই ক্লান্তির চিহ্ন, বরং দৃঢ় সংকল্পের ছাপ স্পষ্ট।
এদিন বিভাস সামশেরগঞ্জে প্রবেশ করতেই ভিড় জমান পথচারীরা। ছোটোরা প্রণাম, প্রবীণরা ওই যুবকের মঙ্গল কামনা করে আশীর্বাদ করেন তাঁকে। বহু মানুষ বিভাসকে জল, ফল এবং প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্যও করেন।
বিভাস বলেন, গত ১৯ জুলাই যাত্রা শুরু করেছি। অর্ধেকের বেশি পথ অতিক্রম করে ফেলেছি। একদিন মায়ের কাছে ঠিক পৌঁছে যাব। তিনি আরও বলেন, ইচ্ছে ছিল মায়ের পুজো দেব। অনেকেই নানা উপায়ে মায়ের কাছে যান, আমার ইচ্ছে দণ্ডি কেটে মায়ের কাছে যাওয়ার। সেই চেষ্টাই করে চলেছি।