নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশনে পুজো প্যাকেজের খাদ্যসামগ্রী বণ্টন প্রক্রিয়া ১৭ নভেম্বর পর্যন্ত চালিয়ে যেতে বলল খাদ্যদপ্তর। অক্টোবরের মাঝামাঝি পুজো প্যাকেজ বণ্টন শুরু হয়। তখনই সময়সীমা ঠিক করে দেওয়া হয় ১৭ নভেম্বর। কিন্তু পুজোর পর পর্যালোচনা বৈঠকের কার্যবিবরণীতে বলা হয়, ৭ অক্টোবরের মধ্যে পুজো প্যাকেজ বণ্টন শেষ করতে হবে। এনিয়ে বিভ্রান্তি তৈরি হয় রেশন ডিলারদের মধ্যে। কারণ অক্টোবরের শেষে পুজো প্যাকেজের ময়দা, চিনি ও সুজির একটা অংশ দেওয়া হয়নি। বিশেষ করে সুজি অবণ্টিত রয়ে গিয়েছে অনেকটাই। এই পরিস্থিতিতে খাদ্যসচিব জগদীশপ্রসাদ মিনাকে চিঠি দিয়ে রেশন ডিলারদের সংগঠন জানতে চায়, ৭ নভেম্বরের পর কী করা হবে? সরকারি দপ্তরে এখন ছুটি চলছে তার মধ্যে খাদ্যদপ্তরের এক শীর্ষকর্তা ডিলার সংগঠনকে বার্তা পাঠান, কার্যবিবরণীতে ভুল হয়েছে। সেটি সংশোধন করে নেওয়া হবে। ১৭ নভেম্বর নির্ধারিত সময় পর্যন্তই পুজো প্যাকেজ দেওয়া যেতে পারে।
তবে ডিলারদের আশঙ্কা, ১৭ তারিখের পর পুজো প্যাকেজের যে খাদ্য পড়ে থাকবে, সেগুলি কী করা হবে? বেশিদিন পড়ে থাকলে নষ্ট হয়ে যেতে পারে। ইতিমধ্যে কোথাও কোথাও তা নষ্ট হতে শুরু করেছে। পুজো প্যাকেজের জন্য ডিলারদের অগ্রিম টাকা জমা দিতে হয়েছে। পড়ে থাকা সামগ্রীর জন্য তাই লোকসান হতে পারে বলে ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু আশঙ্কা প্রকাশ করেছেন।



