নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বর্ষার আগে উত্তরবঙ্গের বিভিন্ন নদী বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠকে সেচ দপ্তরের কর্তারা। আজ, মঙ্গলবার জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল ওই বৈঠক। প্রবল বর্ষণে যদি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়, কীভাবে দ্রুত তার মোকাবিলা করা হবে, তা নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে।
পয়লা জুন থেকে উত্তরবঙ্গে কন্ট্রোল রুম খুলছে সেচ দপ্তর। সেচ দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমায় বিভিন্ন নদীতে অন্তত ১৫০টি জায়গায় বাঁধ সংস্কারের কাজ চলছে। একাজের জন্য খরচ হচ্ছে সাড়ে দশ কোটি টাকা। সেচ দপ্তরের উত্তরপূর্বের ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক বলেন, সিকিমে হ্রদ বিপর্যয়ের জেরে ২০২৩ সাল থেকে তিস্তার অবস্থা ভালো নয়। বারবার নদী গতিপথ পরিবর্তন করছে। এতে নদী ভাঙনের আশঙ্কা বাড়ছে। তবে আমরা সজাগ আছি। বাঁধগুলির উপর কড়া নজর রেখেছি।