নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চালু হল ‘পাবলিক হেলথ ম্যানেজমেন্ট কোর্স। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই কোর্স চালুর ফলে বিশেষভাবে উপকৃত হবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুক্রবার এই কোর্সের পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএন শাসমল হলের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দীপককুমার কর, মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা এবং বিশিষ্টজনরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, আমাদের লক্ষ্য শুধু মেদিনীপুর জেলা নয়, গোটা পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ ও উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে আরও উন্নয়ন হবে। ইতিমধ্যেই এই বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী ভাবনাচিন্তা শুরু করেছেন। তিনি আরও বলেন, বিদ্যাসাগরের মাটিতে আসতে পেরে আমি সত্যিই আপ্লুত। এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ রাজ্যের গর্ব।
সুকান্ত মজুমদার বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে একদিকে যেমন রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দিলেন, তেমনি রাজনৈতিক ময়দানেও তৃণমূলকে আক্রমণ করতেও পিছপা হলেন না। তিনি তৃণমূলকে কটাক্ষ করে সাফ জানালেন, ‘পচামূলকে বিজেপি নেবে না।’
এছাড়া এদিন কেন্দ্রীয় মন্ত্রীর হাতে মেদিনীপুর বিধানসভার বিভিন্ন উন্নয়নমূলক দাবি সহ একটি লিখিত স্মারকলিপি তুলে দেন মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত। সেই দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য, আবাস-কুইকোটায় কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন, শালবনী ব্লকে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে তোলা, মেদিনীপুর কেডি কলেজে এমবিএ কোর্স চালু করা এবং দীর্ঘদিনের দাবি তাঁতিগেড়িয়া আন্ডারপাস চালু করা।
বিধায়ক শংকর গুছাইত বলেন, ‘মেদিনীপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ও সমস্যার কথা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। তিনি বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখার এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এতে আমরা অত্যন্ত আপ্লুত।’