Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পটাশপুরে মাটির বাড়িতে থাকলেও আবাস ফেরালেন পঞ্চায়েত সদস্য

পটাশপুরে মাটির বাড়িতে থাকলেও আবাস ফেরালেন পঞ্চায়েত সদস্য
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: গ্রামের অসহায় পরিবারের নাম আবাসের তালিকা থেকে বাদ পড়েছে। তাই পুরনো মাটির বাড়িতে থাকলেও আবাসের ঘর ফেরালেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য অমর মান্না। পটাশপুর-২ ব্লকের গোবর্ধনপুরের ওই জনপ্রতিনিধি তালিকা থেকে নিজের নাম বাতিলের জন্য ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। সেই বাড়ি কোনও প্রকৃত গরিব মানুষকে দেওয়ার আর্জিও অমরবাবু জানিয়েছেন। ব্লক প্রশাসন জানিয়েছে, অমরবাবুর আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। পেশায় কৃষক অমরবাবু এবার গোবর্ধনপুর বুথে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন। তাঁর স্ত্রী রেবতী মান্না অঙ্গনওয়াড়ি কর্মী। তাঁদের পুরনো দোতলা বাড়ির অবস্থা খুব ভালো নয়। বাড়ির পরিস্থিতি দেখে এর আগে সরকারি প্রকল্পের বাড়ির জন্য আবেদন করেছিলেন অমরবাবু। আবাস সমীক্ষার পর নভেম্বর মাসে যে তালিকা বের হয়, তাতে অমরবাবুর নাম রয়েছে। তারপরই তিনি আবাসের ঘর ফেরানোর ব্যাপারে উদ্যোগী হন। অমরবাবু বলেন, মাটির বাড়ি হলেও আমরা মোটামুটি ভালোভাবেই বাস করছি। কিন্তু সমীক্ষক দলের অদূরদর্শিতায় বুথে বাঁশের বেড়ার বাড়িতে বসবাসকারী এক অসহায় পরিবারের নাম বাদ পড়েছে। এই বঞ্চনা দেখে মানবিকতার খাতিরে আমার নাম বাদ দিতে বিডিওর কাছে আবেদন জানিয়েছি। বাড়িটা অন্য কোনও প্রকৃত দরিদ্র মানুষকে দিলে খুশি হব। বিডিও শঙ্খ ঘটক বলেন, তালিকা থেকে পঞ্চায়েত সদস্যের নাম বাতিলের আবেদন পেয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ