সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: রবিবার রাতে পরপর দুটি পথ দুর্ঘটনায় জখম হয়েছেন তিনজন। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর গামী ৩১ নং জাতীয় সড়কে, রাড়িয়াল গ্রামে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন পিতা ও পুত্র। জখম পিতার নাম আব্দুল মান্নান। ছেলের নাম শামিম আক্তার। তাঁদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের মিসকিনপুরে। তাঁরা একটি বাইকে তুলসীহাটা থেকে বাড়ি ফিরছিলেন। রাড়িয়াল গ্রামে তাঁরা আরেকটি বাইকের মুখোমুখি পড়ে যায়। সংঘর্ষে বাবা ও ছেলে জখম হয়েছেন। অপর বাইক চালক ঘটনার পর থেকে পলাতক। স্থানীয়রা আহতদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন চিকিৎসক। আব্দুলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকেরা কলকাতা নিয়ে যান। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে বাংলা-বিহার সীমানা কুশিদা চেক পোস্টের সামনে। ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন এক বাইক চালক। নাম রিন্টু আলম (৫৩)। তাঁর বাড়ি বিহারের আবাদপুর থানার ধরমপুরে। রিন্টু বাইক নিয়ে কুশিদা থেকে বিহারে যাচ্ছিলেন। কুশিদা চেক পোস্টের কাছে একটি ট্রাক তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। স্থানীয়রা জখমকে কুশিদা সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তাঁকেও চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। তবে পরিবারের লোকেরা উন্নত চিকিৎসার জন্য রিন্টুকে পূর্ণিয়া নিয়ে যান।



