নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তাই এই মরশুমে এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যক শস্যবিমার আবেদন জমা পড়ল। গত বছরের তুলনায় দেড় লক্ষের বেশি শস্যবিমার ফর্ম জমা পড়েছে। জানা গিয়েছে, গত মরশুমে ৬ লক্ষের বেশি চাষি শস্য বিমার জন্য আবেদন করেছিলেন। কিন্তু এবছর এখনও পর্যন্ত জেলায় ৭ লক্ষ ৫২ হাজার ৮১২ জন চাষি বিমার জন্য আবেদন করেছেন। একইসঙ্গে আলু চাষিদের জন্যও বিমার প্রক্রিয়া শুরু হচ্ছে। এই মরশুমে আলু চাষিদের বিমার জন্য কোনও প্রিমিয়াম দিতে হবে না। এদিন জেলা শাসক খুরশিদ আলি কাদরি বলেন, বিমার জন্য বিপুল সংখ্যক চাষি আবেদন করেছেন। চাষিদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর দেওয়া হচ্ছে।



