Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাশ করাতে টাকা দাবি! টিআইসির অপসারণ চেয়ে প্রাক্তনীদের বিক্ষোভ

পাশ করাতে টাকা দাবি! টিআইসির অপসারণ চেয়ে প্রাক্তনীদের বিক্ষোভ
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: বিতর্ক পিছু ছাড়ছে না বিধাননগরের সন্তোষিণী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের। দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষায় ফেল করা পড়ুয়াদের এক হাজার টাকার বিনিময়ে পাশ করানোর অভিযোগ ওঠায় এবার পথে নামলেন স্কুলের প্রাক্তনীরা। সোমবার তাঁরা স্কুলে গিয়ে টিআইসির অপসারণের দাবিতে বিক্ষোভ দেখান। প্রায় ৫০ জন প্রাক্তনী তাতে শামিল হন। 
Advertisement
স্থানীয় বাসিন্দা তথা এই স্কুলের প্রাক্তন ছাত্র নয়ন সরকার বলেন, এদিন টিআইসি আমাদের কোনও প্রশ্নের উত্তর দেননি। কেন ছাত্রছাত্রীদের থেকে টাকা নেওয়া হল, তা বিশদ জানাতে আগামী শুক্রবার পর্যন্ত সময় চেয়েছেন। আমরা যথাযথ উত্তর না পেলে বৃহত্তর আন্দোলনে নামবো। যদিও অভিযোগ অস্বীকার করে এদিনও টাকা ফিরিয়ে দেওয়ার কথাতেই অনড় ওই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক অলোককুমার বিশ্বাস। তিনি বলেন, যাদের থেকে এক হাজার টাকা নেওয়া হয়েছে, তাদের ফর্ম ফিলআপের পর বাকি টাকা ফিরিয়ে দেওয়া হবে। এর থেকে বেশি কিছু বলবো না।
টেস্ট পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য ফোন মারফত এক হাজার টাকা দাবি করেছিলেন এই স্কুলের টিআইসি। পরে অনেকে টাকা দিয়েও দেয়। তবে ঘটনায় শোরগোল হতেই বাকি টাকা ফিরিয়ে দেওয়ার মেসেজ ঘিরে নতুন করে বিতর্ক ছড়ায়। যদিও বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন স্কুলের পরিচালন কমিটির সভাপতি শিবেস ভৌমিক। তিনি বলেন, যেদিন খবর পেয়েছি, সেদিন থেকে স্কুল ছুটি রয়েছে। এজন্য জরুরিভিত্তিতে বৈঠক ডাকা যায়নি। ৩ জানুয়ারি স্কুল খললে বৈঠক করবো। এছাড়া পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। সেখান থেকে যা নির্দেশ আসবে, সেই মত পদক্ষেপ নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ