Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চোট সমস্যা কাটিয়ে জয়ে চোখ পিএসজি’র

তাঁর হাত ধরেই ক্লাব ইতিহাসে প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় পিএসজি।

চোট সমস্যা কাটিয়ে জয়ে চোখ পিএসজি’র
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: তাঁর হাত ধরেই ক্লাব ইতিহাসে প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় পিএসজি। বড় নামের পিছনে না ছুটে পারফরম্যান্সকেই গুরুত্ব দিয়েছিলেন লুই এনরিকে। আর তাতেই আসে সাফল্য। তবে স্প্যানিশ কোচ ভালোই জানেন, সাফল্য পাওয়ার থেকে কঠিন তা ধরে রাখা। আর সেই লক্ষ্যেই বুধবার নতুন মরশুমে ইউরোপ সেরার অভিযান শুরু করছে প্যারিসের ক্লাবটি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পিএসজি’র প্রতিপক্ষ আটালান্টা। গতবারের সাফল্যের রেশ ধরে রেখে নতুন মরশুমের শুরুটা দারুণ করেছে এনরিকে-ব্রিগেড। উয়েফা সুপার কাপ জয়ের পাশাপাশি ফরাসি লিগের প্রথম চার ম্যাচে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা। এবার চ্যাম্পিয়ন্স লিগেও জয় দিয়ে অভিযান শুরু করাই লক্ষ্য মার্কুইনহোসদের। তবে আটালান্টার বিরুদ্ধে লড়াইয়ের আগে খুব একটা স্বস্তিতে নেই পিএসজি। জাতীয় দলের জার্সিতে চোট পাওয়ায় এই ম্যাচেও অনিশ্চিত ডেম্বেলে ও ডিসেরে ডুয়ে। পাশাপাশি খাভিচা কাভারাৎখেলিয়ার খেলা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে রিজার্ভ বেঞ্চের উপরই ভরসা রাখছেন পিএসজি কোচ।
বুধবার চেলসির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করছে বায়ার্ন মিউনিখ। তিন মরশুম পর ফের ইউরোপ সেরার লড়াইয়ে নামছে লন্ডনের ক্লাবটি। কোচ এনজো মারেৎস্কার হাত ধরে গত মরশুমে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরে দ্য ব্লুজ। ইউরোপা কনফারেন্স লিগের পাশাপাশি ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তারা। এবার চ্যাম্পিয়ন্স লিগের আসরে ভালো ফল করতে মরিয়া চেলসি। তবে শুরুতেই তাদের চ্যালেঞ্জ জানাতে তৈরি বায়ার্ন। বুন্দেশলিগায় প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছেন হ্যারি কেনরা। জাল কাঁপিয়েছেন ১৪বার। তাই বুধবার ঘরের মাঠে চেলসির বিরুদ্ধেও বড় ব্যবধানে জয় তুলে নিতে মরিয়া ভিনসেন্ট কোম্পানি-ব্রিগেড। পাশাপাশি বুধবার ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে নামছে লিভারপুল।

Advertisement

বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বায়ার্ন মিউনিখ : চেলসি (রাত ১২-৩০ মিনিটে)
পিএসজি : আটালান্টা (রাত ১২-৩০ মিনিটে)
আয়াখস : ইন্তার মিলান (রাত ১২-৩০ মিনিটে)
লিভারপুল : আতলেতিকো (রাত ১২-৩০ মিনিটে)
সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ