ধারাবাহিকতায় চোখ পিএসজি’র, ঘুরে দাঁড়াতে মরিয়া ম্যান ইউ, সামনে সাবাহ, ইয়ামালকে ছাড়াই নামছে বার্সা
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাকু: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলোর টিকিট অর্জনের পথ মসৃণ করতে মরিয়া বার্সেলোনা। বর্তমানে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে হান্স ফ্লিকের ছেলেরা। একই অবস্থানে দাঁড়িয়ে আরও ৮টি দল। ফলে পয়েন্ট নষ্ট মানেই অন্য দলের কাছে সুযোগ থাকবে এগিয়ে যাওয়ার। এমন পরিস্থিতিতে বুধবার অ্যাওয়ে ম্যাচে আজারবাইজানের ক্লাব সাবাহ এফকে’র বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নিতে মরিয়া কাতালন ক্লাবটি। উল্লেখ্য, টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে দু’দল। তবে ধারেভারে অনেকটা পিছিয়ে থাকা প্রতিপক্ষকে মোটেই হালকাভাবে নিতে নারাজ বার্সা কোচ। এই ম্যাচে ইয়ামালকে ছাড়াই দল সাজাতে হবে তাঁকে। গোড়ালিতে হালকা চোট রয়েছে স্প্যানিশ তারকার। তাই তাঁকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ বার্সা কোচ।

Advertisement

দিনের অপর ম্যাচে এএস রোমার মুখোমুখি হবে পিএসজি। ইউরোপ সেরার আসরে দুরন্ত ছন্দে ফরাসি ক্লাবটি। শেষ দু’বারের চ্যাম্পিয়ন তারা। চলতি আসরেও প্রথম চার ম্যাচে জয় পেয়েছে লুই এনরিকে ব্রিগেড। রোমার বিরুদ্ধেও সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য তাদের। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চোট সমস্যায় জেরবার পিএসজি। লিগ ওয়ানের শেষ ম্যাচে চোট পেয়ে চলতি মরশুম থেকে ছিটকে গিয়েছেন ডেসিরে দুয়ে। এছাড়া চোট রয়েছে খাভিচা, ডেম্বেলে, মার্কুইনহোস ও নুনো মেন্ডিসের।
এদিকে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচের পদে অভিষেকটা সুখের হয়নি মরিসিও পোচেত্তিনোর। লিভারপুলের কাছে চার গোল হজম করে রেড ডেভিলস। সেই সঙ্গে ক্লাব ইতিহাসে প্রথমবারের জন্য অবনমনের আতঙ্ক ক্রমশ তাড়া করছে ম্যান ইউ শিবিরে। এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন লিগে দলকে জয়ের সরণিতে ফেরাতে মরিয়া ম্যান ইউ কোচ। বুধবার অ্যাওয়ে ম্যাচে স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবেন ব্রুনো ফার্নান্ডেজরা।