সংবাদদাতা, শিলিগুড়ি: স্থানীয় হস্তশিল্প ও ঐতিহ্যকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে রেলের ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট বা ওএসওপি প্রকল্পে বেশ ভালো সাড়া মিলছে উত্তর-পূর্ব সীমান্ত রেলে। এই অঞ্চলে মোট ১৩২টি স্টেশনে ১৮০টি ওএসওপি সাফল্যের সঙ্গে চলছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা। তিনি বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পসামগ্রী ও খাবার বিক্রি করা হচ্ছে।
Advertisement
জানা গিয়েছে, অসমের পিঠা, গামছা, রাজবংশী পোশাক, বস্ত্র, পাটের সামগ্রী, দার্জিলিংয়ের চা, স্থানীয়ভাবে তৈরি করা ডিজাইনার চুড়ি, গলার হারের পাশাপাশি স্থানীয় খাদ্যসামগ্রী যাত্রীদের আকর্ষণ বাড়াচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা স্টেশন থেকেই এই শিল্পসামগ্রী কেনার সুযোগ পাচ্ছেন। এতে স্থানীয় হস্তশিল্পীরা রোজগারের পথ খুলে যাওয়ায় উপকৃত হচ্ছেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তিনসুকিয়া ডিভিশনে ২৯টি, লামডিং ডিভিশনে ৪৭টি, রঙিয়া ডিভিশনে ২৮টি, আলিপুরদুয়ার ডিভিশনে ৪৭টি এবং কাটিহার ডিভিশনে ২৯টি ওএসওপি আউটলেট চালু হয়েছে।



