নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: প্রতারণার অভিযোগে রাজস্থানের এক যুবককে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পুলিস। ধৃতের নাম আকাশ গর্গ। তার বাড়ি রাজস্থানের শিকরা জেলার লছমননগর থানা এলাকায়। ধৃতকে এদিন কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতকে ১০ দিন পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গেছে, কালীগঞ্জের মাটিয়ারি পঞ্চায়েতের শুকুরমণি মাণ্ডি গত ৩০ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ধৃত যুবক ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করে। তারপর ওটিপি নিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ৪ লক্ষ ৮৫ হাজার টাকা তুলে নেয়। যার মধ্যে এই ধৃত যুবকের অ্যাকাউন্টে ১ লক্ষ ৬৩ হাজার টাকা ঢোকে। পুলিস নোটিস পাঠিয়ে ওই যুবককে ডেকে আনে। জিজ্ঞাসাবাদে পর তাকে গ্রেপ্তার করা হয়।



