সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহে মৌলপুর মৌজার কিছু জমি অবৈধভাবে রেকর্ড করার গুরুতর অভিযোগ উঠল ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে। শুধু তাই নয়, এমন সমস্যার ক্ষেত্রে ওই রেকর্ড সংশোধন করার জন্য মোটা টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি স্থানীয় ভূমি দপ্তরের আধিকারিক বিপ্লব মণ্ডলের নামে মালদহ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগকারী ফারুক হোসেনের ছেলে রাজু হোসেন বলেন, আমার বাবার কাকাতো বোনের মৃত্যু হয়েছে। তাঁর কোনও সন্তান ছিল না। স্বামীও প্রয়াত হয়েছেন। তাঁর মৌলপুর মৌজায় জমি রয়েছে। তাঁর ওয়ারিশ আমরা ছ’জন। ওই জমি অবৈধভাবে কেউ বা কারা রেকর্ড করে নিয়েছে। রাজুর দাবি, স্থানীয় ভূমি দপ্তরে যোগাযোগ করি। ওই দপ্তরের আধিকারিক রেকর্ড সংশোধন করার জন্য টাকা চান। সেজন্য থানায় এফআইআর করা হয়েছে। যদিও বিপ্লব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, অভিযোগ হয়েছে শুনেছি। এসব কাজ অফিসের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মীরা ধাপে ধাপে করেন। ইচ্ছে করে আমার নাম জড়ানো হয়েছে। সব গল্প বানানো হচ্ছে। কেউ অভিযোগ করতেই পারেন। দপ্তরের অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে কি তদন্ত হবে? বিপ্লবের কথায়, কাজ করতে গেলে ভুল হতে পারে। হেয়ারিংয়ে ডাকা হলেও আসেন না অভিযোগকারীরা। দপ্তরের উপরমহল আমাদের কাছে কিছু জানতে চায়নি। মালদহ থানার পুলিস জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হবে।



