Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল

পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: ১৮মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে পুরুষের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তারপর তথ্য অনুযায়ী ওই ব্যক্তির বয়স ৬০বছর হলে তা বার্ধক্যভাতায় পরিণত হয়। ১৫ মাসের বেশি সময় সেই ভাতাও মিলেছে। অবশেষে বিষয়টি ধরা পড়তেই নাম বাদ দিল কালনা-১ ব্লক প্রশাসন। এঘটনায় ব্লকজুড়ে হইচই পড়েছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা জানতে ব্লক প্রশাসন তদন্ত শুরু করেছে। ইলিয়াস শেখ আসলে কে-তা নিয়েও ধন্দ দেখা দিয়েছে।
Advertisement
সরকারি সিস্টেমে ওই ব্লকের নান্দাই পঞ্চায়েতের পারদুপসা গ্রামে ইলিয়াস শেখের ঠিকানা রয়েছে। সেই নামে ধাত্রীগ্রামের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। তথ্য অনুযায়ী, উপভোক্তার বয়স ৬০বছর হয়ে যাওয়ায় লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্যভাতায় কনভার্ট হয়ে যায়। এরপর ১৫মাসের বেশি সময় ধরে তার অ্যাকাউন্টে বার্ধক্যভাতাও ঢুকেছে। সাতদিন আগে বিষয়টি ব্লক প্রশাসনের আধিকারিকদের নজরে আসে। এরপরই বার্ধক্যভাতার তালিকা থেকে ওই নাম বাদ দেওয়া হয়।
প্রশ্ন উঠেছে, যেখানে নামই রয়েছে ইলিয়াস শেখ, সেখানে কীভাবে ওই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকল? এদিকে, নান্দাই গ্রামে ইলিয়াস শেখের খোঁজ করতে গিয়েও গোলমাল দেখা গেল। ইলিয়াস শেখ নামে একজনের বয়স চল্লিশের বেশি। অপরজন ষাটোর্ধ্ব হলেও তাঁর বাবার নাম আলাদা। ফলে সরকারিভাবে কোথাও গলদ হয়েছে, নাকি জালিয়াতি করা হয়েছে-তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
ব্লক প্রশাসন মনে করছে, সম্ভবত ইলিয়াস শেখের স্ত্রীর নামে লক্ষ্মীর ভাণ্ডার অনুমোদন হয়েছিল। তাতে তাঁর স্বামীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার যাঁর নামে, তাঁরই নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে কীভাবে স্বামীর অ্যাকাউন্ট অনুমোদিত হল? প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া ব্লক প্রশাসন। তাদের অনুমান, লক্ষ্মীর ভাণ্ডারের কাজের সময় তাড়াহুড়োয় ভুল হয়ে থাকতে পারে। তবে ইচ্ছাকৃত জালিয়াতির সম্ভাবনাও ব্লক প্রশাসন উড়িয়ে দিচ্ছে না।
কালনা-১এর বিডিও সুপ্রতীক সাহা বলেন, ইলিয়াস শেখ নামে একজনের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত। লক্ষ্মীর ভাণ্ডারের জমা তথ্যে অ্যাকাউন্ট হোল্ডারের বয়স ৬০বছর পেরিয়ে যাওয়ায় সিস্টেম অনুযায়ী তা বার্ধক্যভাতায় কনভার্ট হয়। 
সম্পর্কিত সংবাদ