সংবাদদাতা, মেদিনীপুর: বুধবার খড়্গপুরে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠল আরপিএফের বিরুদ্ধে। যদিও আরপিএফ অভিযোগ অস্বীকার করেছে। লাঠির আঘাতে তৃণমূলের তিন কর্মী জখম হন। দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুরের ডিআরএমকে অপসারণ করতে হবে। এই দাবি সহ বিভিন্ন দাবিতে এদিন আন্দোলনের ডাক দিয়েছিল খড়্গপুর বস্তি বাঁচাও সংগ্রাম কমিটি ও তৃণমূল। দলীয় সূত্রে খবর, আরপিএফের লাঠির আঘাতে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহ সভাপতি অসিত পাল, তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য নেত্রী হেমা চৌবে সহ তিন জন জখম হন। অসিত পালকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও আরপিএফের এক আধিকারিক বলেন, লাঠি চার্জের অভিযোগ ঠিক নয়। মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার খড়্গপুর শহরে ধিক্কার মিছিলের ডাক দিয়েছে তৃণমূল ও বস্তি সংগ্রাম কমিটি।
প্রসঙ্গত, কয়েক দিন আগে পুরী গেট সংলগ্ন রাস্তার ধারের দখল উচ্ছেদ করার নোটিস দেয় রেল। শহরের একাধিক রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগও উঠেছে রেলের বিরুদ্ধে। এর প্রতিবাদে সরব হয় তৃণমূল। খড়গপুর বস্তি বাঁচাও সংগ্রাম কমিটি নামে সংগঠন তৈরি করে শুরু হয় আন্দোলন। এই আন্দোলনে একাধিকবার পিছু হঠতে হয় রেলকে। খড়্গপুরে বস্তিবাসীদের ওপর অত্যাচার, যেখানে সেখানে রাস্তা বন্ধ ও ডিআরএমের অপসারণের দাবিতে এদিন ডিআরএম বাংলো ঘেরাওয়ের ডাক দেওয়া হয়। মঙ্গলবারই রেল থেকে ডিআরএমের বাংলো যাওয়ার রাস্তা টিন দিয়ে ঘিরে দেওয়া হয়। আর এদিন সকাল থেকে আরপিএফ দিয়ে মুড়ে ফেলা হয় সারা এলাকা। নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ে ঘিরে ফেলা হয় ডিআরএম বাংলো। সকাল থেকেই আন্দোলনকারীরা বাংলোয় ঢোকার দু’টি প্রবেশ পথের রাস্তায় অবস্থান শুরু করে। ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব সহ একাধিক পুর কাউন্সিলার। শান্তিপূর্ণ ভাবেই চলছিল আন্দোলন। সাড়ে দশটা নাগাদ ডিআরমের গাড়ি বাংলো থেকে বেরনোর সময় উত্তেজনা দেখা দেয়। অভিযোগ, আন্দোলনকারীরা গাড়ি আটকাতে গেলে বাধা দেয় আরপিএফ। আরপিএফের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেধে যায়। অভিযোগ, এই সময়ে আরপিএফ লাঠি চালিয়ে আন্দোনলকারীদের হটিয়ে দেয়। তৃণমূলের জেলা সহ সভাপতি দেবাশিস চৌধুরী বলেন আরপিএফের লাঠি চালানোর প্রতিবাদে আজ বৃহস্পতিবার শহরে ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে। তিনি বলেন, বাস্তিবাসীদের পাশে তৃণমূল থাকবে। প্রাক্তন বিধায়ক তথা কাউন্সিলার প্রদীপ সরকার বলেন, রেল যদি দাদাগিরি বন্ধ না করে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে। তিনি বলেন, তৃণমূল রাস্তায় নামলে ডিআরএম কোনও দিন বাইরে বেরোতে পারবেন না। জুন মালিয়া বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে লাঠি চার্জ করা হয়েছে। লাঠি, গুলি, ভয় দেখিয়ে প্রতিবাদ আন্দোলন থামানো যাবে না। নিজস্ব চিত্র