Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ায় টোটো ধরপাকড় শুরু হতেই বিক্ষোভ, ঘেরাও

কাটোয়া শহরে যানজট এড়াতে  টোটোয় লাগাম টানতে  এবার কড়া হল প্রশাসন।

কাটোয়ায় টোটো ধরপাকড় শুরু হতেই বিক্ষোভ, ঘেরাও
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া শহরে যানজট এড়াতে  টোটোয় লাগাম টানতে  এবার কড়া হল প্রশাসন। হলোগ্রাম স্টিকার ছাড়া কোনও টোটোকে রাস্তায় চলতে দেওয়া হবে না। শুক্রবার থেকে হলোগ্রাম ছাড়া টোটো ধরপাকড় শুরু হতেই বিক্ষোভ হয়। কংগ্রেস সমর্থিত জাতীয়তাবাদী টোটো ইউনিয়নের সদস্যরা আঞ্চলিক পরিবহণ দপ্তরের সামনে তাঁদের পরিবার নিয়ে বিক্ষোভে বসে যান। সদ্য পদত্যাগ পত্র জমা দেওয়া কাটোয়ার ৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার তথা ওই টোটো ইউনিয়নের সভাপতি ক্ষোভে ফেটে পড়েন। তিনি এআরটিও এবং কাটোয়া থানার আইসির সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন। কাটোয়া এআরটিও অরুনাভ শর্মা বলেন, যাঁরা বিক্ষোভ দেখাতে এসেছিলেন তাঁদের বলা হয়েছে প্রত্যেককে হলোগ্রামের জন্য আবেদন করতে হবে। তাদের যোগ্যতা যাচাই করে তবেই হলোগ্রাম দেওয়া হবে।এদিন কাটোয়ার ৬ নম্বর ওয়ার্ডের পদত্যাগী কংগ্রেস কাউন্সিলার তথা ওই টোটো ইউনিয়নের সভাপতি রণজিৎ চট্টোপাধ্যায় আইসির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তিনি আইসিকে বলেন, হলোগ্রাম দেওয়ার ক্ষেত্রে রাজনীতি হয়েছে। কংগ্রেস সমর্থিতদের বেছে বেছে স্টিকার দেওয়া হয়নি। তাঁদের সংসার চলবে কী করে। দু’ বছর আগে কাটোয়া শহরে টোটোর রাশ টানতে পুরসভা ৩৬৬ জনকে ‹টিন› নম্বর দেয়। তাতেও সমস্যার সমাধান হচ্ছিল না। টোটোর দাপটে নাকাল হচ্ছিলেন সাধারণ মানুষ। তার সঙ্গে চালকদের একাংশের দুর্ব্যবহার, যাত্রী হেনস্তা, বেশি ভাড়া নেওয়া, রাত বাড়লে যাত্রী নিতে অস্বীকার এসব ঘটনায় অতিষ্ঠ হচ্ছিলেন বাসিন্দারা। তারপর কাটোয়া থানার উদ্যোগে প্রায় ৭৫১ টোটোয় স্টিকার সাঁটানো হয়। দেখা গিয়েছিল একজন মালিকের একাধিক টোটো চলছে। তাতে যাত্রী হেনস্তার ঘটনা ঘটলে চিহ্নিত করা যাচ্ছিল না। তাই যে টোটো মালিকরাই চালায় পুলিস সেগুলোকেই স্টিকার দিয়েছিল। এরপর পরিবহণ দপ্তর, কাটোয়া থানা, পুরসভাকে নিয়ে একটি কমিটি তৈরি করে মহকুমা প্রশাসন। সেই কমিটির বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় হলোগ্রাম দেওয়া হবে। সেখানেও পুলিস স্টিকার প্রাপ্ত টোটো, নিজেই মালিক এসব যোগ্যতা দেখে তবেই তাঁদের ওই স্টিকার দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, কাটোয়া শহরে হলোগ্রাম স্টিকার পাওয়ার জন্য ৯০৮ জন আবেদন জানিয়েছিলেন। তারমধ্যে কাটোয়া পুরসভা এলাকায় ৭৪৭টি টোটোকে হলোগ্রাম দেওয়া হয়েছে। এরপরেই প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল এদিনের পর থেকে স্টিকার ছাড়া টোটো চলবে না। এখানেই আপত্তি কাটোয়ার কংগ্রেস কাউন্সিলারের। তাঁর অভিযোগ, কংগ্রেস সমর্থিত জাতীয়তাবাদী টোটো ইউনিয়নের সদস্য এরকম ২৩০ টি টোটোকে রাজনীতি করেই হলোগ্রাম দেওয়া হয়নি। রণজিৎ চট্টোপাধ্যায় বলেন, আমাদের সংগঠনের প্রায় ১৬০-৭০ জনকে পুলিস স্টিকার দেওয়া হয়েছিল। তারপরেও তারা কংগ্রেসি হওয়ার কারণে হলোগ্রাম দেওয়া হল না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ