নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাসে কর্মী পিএফের ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে ফের আন্দোলনের পথে হাঁটতে চলেছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। এই ব্যাপারে আবারও মোদি সরকারের বিরোধিতায় ঝাঁঝ বাড়াতে চলেছে তারা। এক্ষেত্রে আন্দোলনের অন্যতম প্রধান হাতিয়ার করা হচ্ছে সংসদে শ্রমমন্ত্রকের পেশ করা এই সংক্রান্ত বিভিন্ন খতিয়ানই। ইতিমধ্যেই এই ইস্যুতে শ্রমমন্ত্রকে চিঠিও পাঠানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। তাতে প্রশ্ন তোলা হয়েছে, শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিও মাসের ন্যূনতম ইপিএফ পেনশন বৃদ্ধির সুপারিশ করেছে। তারপরেও এই ব্যাপারে মোদি সরকার কোনও পদক্ষেপ করছে না কেন? ইউটিইউসির সাধারণ সম্পাদক অশোক ঘোষ কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজেকে পাঠানো চিঠিতে স্পষ্টই লিখেছেন, বিভিন্ন শ্রমিক সংগঠন তো বটেই। এমনকী শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিও ইপিএফের মাসে ন্যূনতম পেনশন বাড়িয়ে তিন হাজার টাকা কিংবা তার বেশি করার সুপারিশ করেছে। এরপরেও এই ইস্যুতে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সম্প্রতি রাজ্যসভায় প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে স্পষ্টই স্বীকার করেছিলেন, এর পরিমাণ বাড়ানোর জন্য ইতিমধ্যেই একাধিক দাবিপত্র পেশ হয়েছে। কিন্তু সেই দাবি মেনে মাসে ইপিএফের ন্যূনতম পেনশন বৃদ্ধি করা হবে কি না, তা নিয়ে তিনি উচ্চবাচ্য করেননি। মন্ত্রী জানিয়েছিলেন, অতিরিক্ত বাজেট বরাদ্দ নিয়েই মাসে ন্যূনতম এক হাজার টাকা পেনশন দেওয়া হচ্ছে।



