Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন রাস্তার দাবিতে মুরারইয়ে সংস্কার কাজ বন্ধ করে বিক্ষোভ

মেরামত নয়, আমূল সংস্কার করতে হবে। এই দাবিতে মুরারই-১ ব্লকের কুমোরপাড়া থেকে স্বাস্থ্যকেন্দ্র যাওয়ার রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, বিডিও এসে আমূল সংস্কারের প্রতিশ্রুতি দিক।

নতুন রাস্তার দাবিতে মুরারইয়ে সংস্কার কাজ বন্ধ করে বিক্ষোভ
  • ৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: মেরামত নয়, আমূল সংস্কার করতে হবে। এই দাবিতে মুরারই-১ ব্লকের কুমোরপাড়া থেকে স্বাস্থ্যকেন্দ্র যাওয়ার রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, বিডিও এসে আমূল সংস্কারের প্রতিশ্রুতি দিক। না হলে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে। বাসিন্দাদের বাধার জেরে কাজ বন্ধ করে চলে যায় ঠিকাদার সংস্থা।  

Advertisement

রাজগ্রামের কুমোরপাড়া থেকে স্বাস্থ্যকেন্দ্র হয়ে মোহনপুর পর্যন্ত সাড়ে ১৩ কিমি রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। তারমধ্যে কুমোরপাড়া থেকে স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে হাসপাতাল, স্কুল, কলেজ ও বাজারে যাতায়াত করেন এলাকার মানুষ। সেই সঙ্গে ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগের অন্যতম পথও এটি। বর্তমানে এই গুরুত্বপূর্ণ রাস্তায় তৈরি হয়েছে ছোটবড় গর্ত। সেগুলি এখন বর্ষার জলে ডুবে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দুর্ঘটনাও ঘটছে অহরহ। নিকাশি নালাও বেহাল। অল্প বৃষ্টিতেই নালা ছাপিয়ে রাস্তায় জল জমে যাচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রে রোগী নিয়ে আসার ক্ষেত্রে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। 
স্থানীয়রা জানান, মাস দুয়েক আগে আট লক্ষ টাকা খরচে রাস্তাটির খানাখন্দ মেরামত করা হয়। কিন্তু, কিছুদিন যেতে না যেতেই বর্ষার এই সময় পূর্বের অবস্থায় ফিরেছে রাস্তাটি। এনিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করতেই প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি ৪ লক্ষ ৭৬ টাকা রাস্তাটির মেরামতের জন্য বরাদ্দ করা হয়। সেই মতো এদিন ঠিকাদার সংস্থা কাজ করতে এলে গ্রামবাসীরা বাধা দেন।
স্থানীয় আজহার খান, নইমুল আলি বলেন, খানাখন্দে তাপ্পি দিতে দিতে রাস্তা উঁচু হয়ে ঘরবাড়ি নিচু হয়ে গিয়েছে। পাঁচ-সাত লক্ষ টাকা করে মেরামতের জন্য টেন্ডার করা হলেও ঠিকমতো কাজ হচ্ছে না। অল্পদিনেই বেহাল হয়ে পড়ছে। আমাদের দাবি, মেরামত নয়, রাস্তার আমূল সংস্কার করতে হবে।  না হলে বড় আন্দোলনে নামব।  বিডিও বীরেন্দর অধিকারী বলেন, ওই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করে। নালাও ঠিকমতো নেই। ফলে সবসময় রাস্তাটি খারাপ থাকে। রাস্তাটি স্থায়ী সংস্কারের জন্য ডিপার্টমেন্ট থেকে ডিপিআর করে পাঠানো হয়েছে। কিন্তু, এখনও অনুমোদন আসেনি। তাই আপাতত রাস্তাটি মেরামত করা হচ্ছিল। গ্রামবাসীরা বাধা দিয়েছে। এনিয়ে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, সোম অথবা মঙ্গলবার থেকে মেরামতের কাজ শুরু হয়ে যাবে।  এই রাস্তাটি নতুন করার দাবি।

Advertisement
সম্পর্কিত সংবাদ