নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুনানিতে হয়রানির প্রতিবাদে শনিবার ফের উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানে। এদিন বর্ধমান স্টেশনে রেললাইনে নেমে জনতা বিক্ষোভ দেখায়। অনেকে রেল লাইনের উপর শুয়ে পড়েন। আরপিএফ তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। বর্ধমান-সিউড়ি রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখানো হয়। বড়া চৌমাথার কাছে জাতীয় পতাকা হাতে এলাকার বাসিন্দারা বিক্ষোভে শামিল হয়েছিলেন। গুরুত্বপূর্ণ এই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। তাঁদের দাবি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অকারণে মানুষকে হেনস্তা করা হচ্ছে। উৎসবের দিনও আমজনতাকে লাইনে দাঁড়াতে হচ্ছে। বৃদ্ধ, বৃদ্ধাদেরও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। মায়ের সঙ্গে যাঁদের বয়সের পার্থক্য ১৫ বছরের কম, তাঁদেরও ডাকা হচ্ছে। আগেকার দিনে মহিলাদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা ছিল। সন্তানেরও জন্ম দিতেন কম বয়সে। সেই কারণে অনেকের ক্ষেত্রে বয়সের ব্যবধান ১৫ বছরের কম রয়েছে। তাঁদেরও শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে। নামের বানানে সামান্য ভুল থাকলেও ঘণ্টার পর ঘণ্টা শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে। ছুটির দিনেও শুনানি চলছে।



