নিউইয়র্ক: আমেরিকার নতুন শুল্ক নীতি নিয়ে বিশ্বজুড়ে সাড়া পড়ে গিয়েছে। অস্ট্রেলিয়া, চীনসহ একাধিক দেশ তীব্র ভাবে ডোনাল্ড ট্রাম্পের এই নীতির সমালোচনা করেছে। এরই মধ্যে দেশের অন্দরেও বিক্ষোভের মুখে পড়েছে ট্রাম্প সরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রতিবাদে শনিবার থেকেই রাস্তায় নেমেছে হাজার হাজার মার্কিন নাগরিক। রবিবার সেই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ল। দেশের ৫০টি স্টেট থেকেই উঠেছে বিক্ষোভের স্লোগান।
জানা গিয়েছে, রবিবার ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে ১৫০টিরও বেশি দল রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়। আমেরিকাজুড়ে কমপক্ষে ১৪০০ জায়গায় নানা ধরনের সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। একটি রিপোর্ট মোতাবেক, রবিবার মার্কিন মুলুকে প্রায় ৬ লক্ষ মানুষ প্রতিবাদে শামিল হয়েছেন।
মার্কিন নাগরিকেরা ভীত কেন?
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়া শুল্ক নীতি ঘোষণার পর থেকেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর ফলে মার্কিন অর্থনীতিও বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ধস নামতে পারে শেয়ার বাজারে। একইসঙ্গে, আমেরিকায় ইলেকট্রনিক্স পণ্যের দাম প্রায় ১০০ শতাংশ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। নানা বিদেশি পণ্যের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ার ফলে আমেরিকান মধ্যবিত্ত শ্রেণির পকেটে চাপ পড়তে পারে। দাম বাড়বে ওষুধ থেকে শুরু করে গাড়ি, পোশাক সবকিছুরই। ফলে দেশের আর্থিক ভারসাম্য নষ্ট হতে পারে বলে শঙ্কায় রয়েছেন মার্কিন নাগরিকরা।