ঢাকা: দলের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। গত ২৪ জুলাই নির্ধারিত মেয়াদের প্রায় দু’বছর আগে রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন মহম্মদ সাহাবুদ্দিন। সংসদের অধ্যক্ষ হাফিজ উদ্দিন আহমেদ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন। এই নির্বাচনে প্রধান বিরোধী দল জামাত-ই-ইসলামি প্রার্থী করেছে তাদের জোটের অন্যতম শরিকদল এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদকে। বাংলাদেশের নিয়ম অনুযায়ী, সংসদের নির্বাচিত প্রতিনিধিরাই ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করেন। বাংলাদেশের সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই ফখরুলের জয় শুধু সময়ের অপেক্ষা বলেই মত ওয়াকিবহাল মহলের। খালেদা জিয়ার দীর্ঘ অসুস্থতা এবং তারেক রহমানের বিদেশবাসের সময় এক দশকেরও বেশি সময় ধরে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন ফখরুল। ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হন। ২০১৬ সাল থেকে তিনি সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন।



