সংবাদদাতা, ইসলামপুর: কলকাতার কারখানায় নির্যাতিত ইসলামপুরের নাবালকের এখনও খোঁজ পায়নি পুলিস। ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় পথ চেয়ে থাকা মা-ও আর ধৈর্য রাখতে পারছেন না। শুক্রবার দুপুরে ইসলামপুর থানার সামনে বিক্ষোভ দেখালেন নাবালকের পরিবারের লোকজন ও স্থানীয়রা। এদিন দুপুরে তিনপুল এলাকায় আরএমসির বাজার চত্বরে জমায়েত হয়ে মিছিল করে থানার সামনে উপস্থিত হন বিক্ষোভকারীরা। থানার সামনেই মিছিল আটকে দেয় পুলিস। একটি প্রতিনিধি দল আইসি’র সঙ্গে দেখা করে। প্রায় এক ঘণ্টা পর পুলিসের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বিক্ষুব্ধরা। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন নাবালকের মা। তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল অসুস্থ মায়ের সঙ্গে দেখা করেন। সাংসদ বলেন, প্রশাসন এখনও শিশুর খোঁজ পেল না। এদিকে ছেলের অপেক্ষায় মা অসুস্থ হয়ে পড়েছেন।



