সংবাদদাতা, লালবাগ: আবারও মুর্শিদাবাদ থানা এলাকার একটি হোটেলে দেহ ব্যবসার হদিশ পেল পুলিস। বুধবার বিকেলে মুর্শিদাবাদ থানার মোতিঝিল এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে পুলিস সাতজন মহিলাকে উদ্ধারের পাশাপাশি ম্যানেজার সহ সাতজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ম্যানেজারের ১০ দিনের পুলিস হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ম্যানেজারকে সাতদিন পুলিস হেফাজত এবং বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। লালবাগ মহকুমা পুলিস আধিকারিক আকুলকর রাকেশ মহাদেব বলেন, স্থানীয় সোর্স মারফত খবর পেয়ে মুর্শিদাবাদ থানার আইসির নেতৃত্বে মোতিঝিল সংলগ্ন ওই হোটেলে অভিযান চালানো হয়। হোটেল ম্যানেজার সহ সাতজনকে গ্রেপ্তার এবং সাতজন মহিলাকে উদ্ধার করা হয়। লালবাগ শহরে হোটেলে দেহব্যবসা সংক্রান্ত আরও জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে হেফাজতে নেওয়া হয়েছে। লালবাগ শহরে হোটেলে দেহ ব্যবসা বন্ধ করতে লাগাতার অভিযান চলবে বলে তিনি দাবি করেন।



