নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ায় পুরভোটের ময়দানে এবার সামনে এল সংরক্ষণের অঙ্ক। ওয়ার্ড ডিলিমিটেশনের পর মোট ৬৮টি ওয়ার্ডের মধ্যে ২৩টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষণের প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি তপসিলি জাতির জন্যও নির্দিষ্ট ওয়ার্ড সংরক্ষণের প্রস্তাব রাখা হয়েছে। ইতিমধ্যেই সেই খসড়া তালিকা পৌঁছে গিয়েছে হাওড়ার সমস্ত রাজনৈতিক দলের কাছে। কোনো আপত্তি থাকলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা জানানো যাবে জেলা প্রশাসনকে।
গত সপ্তাহে জারি করা নির্দেশে হাওড়ার জেলাশাসক তথা জেলা নির্বাচনি আধিকারিক পি দীপাপ প্রিয়া এই খসড়া প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, ওয়ার্ড সংরক্ষণ এবং আসন বিন্যাস নিয়ে রাজনৈতিক দলগুলির বক্তব্য বা আপত্তি থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা জানাতে হবে। সেই আপত্তি খতিয়ে দেখার পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। খসড়া অনুযায়ী, সাধারণ মহিলাদের জন্য সংরক্ষণের প্রস্তাব রয়েছে ১, ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৫, ২৮, ৩১, ৩৪, ৩৮, ৪১, ৪৪, ৪৭, ৫০, ৫৩, ৫৬, ৫৯, ৬২ ও ৬৫ নম্বর ওয়ার্ড। অর্থাৎ এই আসনগুলিতে সাধারণ শ্রেণির মহিলা প্রার্থীরা লড়তে পারবেন। ৩৫ নম্বর ওয়ার্ড তপসিলি জাতিভুক্ত মহিলাদের জন্য সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। আর ৬৬ নম্বর ওয়ার্ড তপসিলি জাতির জন্য সংরক্ষিত করার প্রস্তাব রয়েছে। সেখানে ওই শ্রেণির পুরুষ অথবা মহিলা প্রার্থী হতে পারবেন। চূড়ান্ত সিদ্ধান্তের আগে আপত্তি ও মতামত যাচাই করবে প্রশাসন।
এদিকে ৫০ থেকে বেড়ে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা এবার ৬৮ হচ্ছে। ২০১৫ সালে বালি পুরসভাকে হাওড়ার সঙ্গে যুক্ত করার পর ওয়ার্ড সংখ্যা হয়েছিল ৬৬। ২০২১ সালে বালিকে পৃথক করে দেওয়ার পর তা ফের ৫০টি ওয়ার্ডে নেমে আসে। এবার সেই ৫০টি পুনর্বিন্যাস করেই ৬৮টি ওয়ার্ড করা হয়েছে। শুধু
খসড়া তালিকা প্রকাশ নয়, ভোটের প্রস্তুতিও শুরু করে দিয়েছে
প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, বিশ্বকর্মা পুজোর পরের দিন থেকেই ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে ভোটের যাবতীয় সরঞ্জাম আসতে শুরু করেছে। ফলে ওয়ার্ড সংরক্ষণের খসড়া প্রকাশের সঙ্গে সঙ্গে হাওড়া পুরভোটের প্রস্তুতিও কার্যত গতি পেয়েছে। এরপর আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা সামনে আসবে।