স্ট্র্যান্ড রোডের নাম বদলে হবে সম্রাট শশাঙ্ক সরণি, প্রস্তাব কমিটির বৈঠকে
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রীর তৈরি রোড রিনেমিং কমিটির প্রথম বৈঠক বসল কলকাতা পুরসভায়। বৈঠকে শহরের ১৬টি রাস্তার নামকরণ নিয়ে মূলত আলোচনা হয়। উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ। ছিলেন মুখ্যমন্ত্রীর বিশেষ পরামর্শদাতা সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিব সংঘমিত্রা ঘোষ, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব সৌমিত্র মোহন, কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। জানা গিয়েছে, স্ট্র্যান্ড রোডের নতুন নামকরণ নিয়ে অনেক দূর আলোচনা এগিয়েছে। স্বদেশী এবং বিদেশি দু’ধরনের নাম নিয়েই হয়েছে আলোচনা। সম্রাট শশাঙ্ক (বাংলার প্রথম সম্রাট) সরণি নাম হতে পারে এই রাস্তার। এছাড়া পার্কের নাম নিয়েও আলোচনা হয়।

Advertisement

কলকাতা পুর এলাকা ও সংলগ্ন এলাকার নাম নিয়েও রিনেমিং কমিটিতে আলোচনা করেন সদস্যরা। কলকাতা, বিধাননগর এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুরসভার নামও উঠেছে আলোচনায়। তথাগত রায় বলেছেন, ‘নাম বদলানোর ও নতুন নামের প্রস্তাব এসেছে। এসব নিয়ে ইতিহাসচর্চা ও গবেষণার প্রয়োজন। পুরসভাকে গবেষণার দায়িত্ব দেওয়া হয়েছে। ডিসেম্বরের ৯ তারিখ পরবর্তী বৈঠক হবে।’ তাঁর দাবি, শুধু রাস্তা বা পার্ক নয়, মেট্রো স্টেশনগুলির যে নাম দেওয়া আছে তা নিয়েও অনেক বিভ্রান্তি হয়। স্টেশনগুলিতে জায়গার নাম দেওয়া হোক। পাকাপাকি সিদ্ধান্তের পর মেট্রো কর্তৃপক্ষকে নামগুলি জানিয়ে দেওয়া হবে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানিয়েছেন।
বৈঠক সূত্রে খবর, হো চি মিন সরণির নাম থাকতে পারে। তবে লেনিন নামটির বদল হতে পারে। কার্তিক মহারাজ বলেছেন, ‘১৬টি রাস্তার নাম নিয়ে আজ আলোচনা হয়েছে। এই নামগুলি আমরা প্রস্তাব করে বিধানসভায় পাঠাব। সেখানে সিদ্ধান্ত হবে।’ হাজরা রোড, হাজরা লেন এই নামগুলি কোন হাজরার নামে হয়েছে সেটা জানা যায় না। সেই তথ্য পুরসভার কাছে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।