সংবাদদাতা, রঘুনাথপুর: রাজ্য সড়কের উপর গবাদি পশু ঘুরে বেড়ালে পুলিসের তরফ থেকে মালিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। সড়কের উপর গবাদি পশু দেখলেই ধরা হবে। তারপর মালিককে ডেকে প্রথমে সতর্ক করা হবে। পরবর্তী সময়ে সতর্ক না হলে রয়েছে মোটা টাকা জরিমানা। শনিবার পাড়া থানার পুলিসের তরফে গবাদি পশুর মালিকদের সতর্ক করতে এলাকায় মাইকিং করে এসব পদক্ষেপের কথাই বলা হয়েছে। পাড়া থানার পুলিসের এমন উদ্যোগকে এলাকার মানুষ স্বাগত জানিয়েছেন। শুধু পাড়া থানাই নয়, এবার ব্যস্ত রাস্তায় গবাদি পশুর অবাধ ঘুরে বেড়ানোয় রাশ টানতে পদক্ষেপ নিতে রঘুনাথপুর পুরসভাও পথে নামছে। রাস্তা জুড়ে গবাদি পশু থাকলেই পদক্ষেপ করা হবে। এলাকার মানুষের দাবি, প্রতিটি ব্লক ও থানা প্রশাসনকে এভাবে এগিয়ে আসা উচিত। তাহলে গবাদি পশুর কারণে ঘটে যাওয়া দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপর অবাধে গবাদি পশু ঘুরে বেড়াচ্ছে। ফলে প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার জেরে গাড়ি চালক থেকে শুরু করে গবাদি পশুর মৃত্যু হচ্ছে। সবচেয়ে বেশি অসুবিধা হয় রঘুনাথপুর পুর এলাকায়। সেখানে মালিকরা সকাল হলেই শহরের রাস্তায় গবাদি পশুগুলিকে ছেড়ে দেন। রাজ্য সড়কের পাশে থাকা বিভিন্ন দোকানের খাদ্যপণ্য এই গোরু, মহিষগুলি খেয়ে নেয়। অনেক সময় অনেকের থলি থেকেও জিনিসপত্র বের করে খেয়ে নিচ্ছে এরা। গবাদি পশুগুলি রীতিমতো রাস্তার উপর বসে পড়ে। একটু অসাবধান হলেই দুর্ঘটনা ঘটে যায়।
রঘুনাথপুর মহকুমা পুলিসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, রাস্তায় থাকা গবাদি পশুর তাড়া খেয়ে আবার কখনও রাস্তায় গবাদি পশুগুলির বসে থাকার জন্য একাধিক দুর্ঘটনা ঘটছে। শুধু তাই নয়, গবাদি পশুগুলির রাস্তায় চলে আসায় অনেক সময় তীব্র যানজট হচ্ছে। ফলে পুলিসকে হয়রানির শিকার হতে হচ্ছে। পুলিসের দাবি, রাস্তায় গোরু ছেড়ে দিয়ে মালিকরা নিশ্চিন্ত থাকছেন। দুর্ঘটনা ঘটলে আবার তাঁরাই এসে অভিযোগ করছেন। তাই মালিকদের আগাম সতর্ক করতে পুলিস পদক্ষেপ করতে চলেছে।
পশুদের নিয়ে কাজ করা রঘুনাথপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি বিমান গোস্বামী বলেন, মালিকদের গবাদি পশু রাস্তায় না ছাড়ার জন্য সচেতন করা হচ্ছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন আহত পশুদের চিকিৎসার ব্যবস্থা করেছি। রাস্তায় অবাধে পশু বিচরণের ফলে ঘটছে দুর্ঘটনা। সবার সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান তরণী বাউরি বলেন, শহরের রাস্তার উপর গবাদি পশু না ছাড়ার জন্য আমরা একাধিকবার মানুষকে সচেতন করেছি। আইনিভাবে পদক্ষেপ গ্রহণের জন্য থানায় বিষয়টি জানানো হয়েছে। - নিজস্ব চিত্র