নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ২০ কোটি টাকা বা তার বেশি খরচের সমস্ত সরকারি প্রকল্পের অগ্রগতির উপর সরাসরি নজরদারি এবং প্রশাসনিক জট দ্রুত কাটাতে মুখ্যসচিবের নেতৃত্বে ‘স্টেট প্রজেক্ট মনিটরিং গ্রুপ’ (স্টেট পিএমজি) গঠন করল নবান্ন। ২৮ আগস্ট এই গ্রুপ গঠন সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করেছে মুখ্যসচিবের দপ্তর।
প্রশাসনিক মহলের মতে, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রক্ষার পাশাপাশি কাজের গুণমান রক্ষার বিষয়টিও এই গ্রুপের নজরে থাকবে। সম্প্রতি অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। বর্ষা মিটলেই পুরোমাত্রায় চালু হবে সড়ক সংস্কার এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়নের কাজ। পূর্বতন সরকারের আমলে সড়ক, বাঁধ, কালভার্ট নির্মাণ, পানীয় জল সরবরাহ সংক্রান্ত কাজের গুণমান নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল। তাই নতুন সরকার এ বিষয়ে শুরু থেকেই সতর্ক বলে নবান্ন সূত্রে খবর।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মুখ্যসচিব মনোজ আগরওয়াল হলেন এই স্টেট পিএমজির চেয়ারপার্সন। সদস্য-সচিব হলেন পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব। অন্যান্য সদস্য হিসাবে থাকছেন ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প ও বস্ত্র, বন, নগরোন্নয়ন, পরিবহণ, স্বরাষ্ট্র, ভূমি ও ভূমি সংস্কার, শিল্প ও বাণিজ্য, বিদ্যুৎ, জনস্বাস্থ্য কারিগরি, পূর্ত, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং শ্রম দপ্তরের সচিব।
অভিজ্ঞ আমলারা জানাচ্ছেন, কেন্দ্রের প্রজেক্ট মনিটরিং গ্রুপের আদলে রাজ্যেও একটি স্টেট-লেভেল প্রজেক্ট মনিটরিং গ্রুপ গঠনের সিদ্ধান্তের কথা ২০১৪ সালেই জানানো হয়েছিল। লক্ষ্য ছিল, শুধুমাত্র এক হাজার কোটি টাকার নীচের বিনিয়োগ প্রকল্পগুলির জট কাটিয়ে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা। এরপর ২০১৭ সালে মুখ্যসচিব মলয় দে’র নেতৃত্বে প্রজেক্ট মনিটরিং সেল গঠন করা হয়। ওই সেলের নজরদারিতে ছিল কন্যাশ্রী, সবুজসাথী, স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প, মেট্রো, তাজপুর বন্দর, সিটি গ্যাস, সড়ক উন্নয়নসহ সরকারের গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পগুলি। পরবর্তীতে রাজ্য সরকার ‘সমন্বয়’ নামে একটি ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করে। তবে এবারই প্রথম ২০ কোটি টাকার বেশি ব্যয়ের সমস্ত সরকারি প্রকল্প মনিটরিংয়ের দায়িত্বে থাকবে স্টেট পিএমজি।